ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লেবাননকে রুখে দেওয়ায় সুখবর পেল ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩২, ২২ নভেম্বর ২০২৩
লেবাননকে রুখে দেওয়ায় সুখবর পেল ফুটবলাররা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে সর্বশেষ ঘরের মাটিতে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছে বাংলাদেশ দল। ফুটবলারদের এমন কৃতিত্বের কারণে ৬০ লাখ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে অর্ধকোটি টাকার বেশি বোনাস পেয়েছিল জাতীয় ফুটবল দল। মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ওঠার পর এমন ঘোষণা দিয়েছিল বাফুফে।  

মালদ্বীপকে হারানোর পর খেলোয়াড়দের যে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা কবে নাগাদ পাবেন ফুটবলাররা? বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘দ্রুতই তাদের বোনাস দেওয়া হবে। ওদের তো আরো বোনাস দিতে হবে লেবাননের বিপক্ষে ড্র করায়।’

Advertisement

লেবাননের বিপক্ষে পয়েন্ট পেলে বোনাস দেয়ার কি ঘোষণা ছিল? বাফুফে সভাপতির জবাব, ‘বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের সব ম্যাচের জন্য বোনাসের ঘোষণা আছে। কোনো ম্যাচ ড্র করলে দলের সদস্যরা পাবেন ৫০ হাজার টাকা করে এবং জিতলে ১ লাখ টাকা। সে ঘোষণা অনুযায়ী এখন দলের সদস্য সবাইকে ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।’

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ৬ ম্যাচের মধ্যে দুটি হয়ে গেছে। ১৬ নভেম্বর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারার পর মঙ্গলবার লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। বাকি ৪ ম্যাচ আগামী বছর মার্চ ও জুনে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!