ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্কালোনির বিদায়ের ইঙ্গিতে আর্জেন্টিনার ড্রেসিংরুমে যা হলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ২২ নভেম্বর ২০২৩
স্কালোনির বিদায়ের ইঙ্গিতে আর্জেন্টিনার ড্রেসিংরুমে যা হলো
লিওনেল স্কালোনি

অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতই ভেসে এলো কোচ লিওনেল স্কালোনির বক্তব্য। এখনই বিদায় বলেননি ঠিকই। তবে শিষ্যদের কাছে নিজের দায়িত্ব ছেড়ে দেওয়ার আভাস দিয়েছেন তিনি। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে দারুণ এক জয়ের পরেই নিজের পদত্যাগের ইঙ্গিত দেন এই কোচ। 

মারাকানার ম্যাচ শেষে জাতীয় দলের ব্যাপারে নিজের অভিমত জানান স্কালোনি। জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে চান আলবিসেলেস্তেদের বিশ্বকাপ এনে দেওয়া এই কোচ। যেখানে তিনি বলেছিলেন, ‘আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে।’

তবে এখনই বিদায় নিচ্ছেন না বলেও আশ্বস্ত করেছেন এই কোচ, ‘এটা বিদায় নয়, তবে দলের প্রত্যাশার মাত্রা বেশ উঁচু। এই দল আপনাকে পুরোদমে চায়, আপনার সর্বোচ্চ শক্তি থাকতে হবে। জাতীয় দলের এমন একজন কোচ দরকার যার সমস্ত শক্তি আছে।’

Advertisement

লিওনেল স্কালোনির এমন মন্তব্যের সময় ড্রেসিংরুমে অনেকেই ছিলেন না। আবার যারা ছিলেন তারাও খুব বেশি মনোযোগী ছিলেন না কোচের কথায়। তবে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে আলাপকালে প্রত্যেকেই আশা প্রকাশ করেছেন নিজের পদে কাজ চালিয়ে যাবেন কোচ স্কালোনি।

নিকোলাস ওটামেন্ডি, রোমেরো আর ম্যাক অ্যালিস্টারদের প্রত্যেকেই কোচ স্কালোনিকেই নিজেদের গুরু হিসেবে দেখতে চান। আজকের ম্যাচে দলের জয়ের নায়ক ওটামেন্ডির কথায় উঠে এসেছে সেই সময়ের ড্রেসিংরুমের চিত্র।

তিনি বলেন, ‘সে সময় অনেকেই ড্রেসিংরুমে প্রবেশই করেনি। ফিডেও (ডি মারিয়া) তখন ডোপিং টেস্ট দিচ্ছিলো আর লিও (মেসি) তখন মেডিকেল সেবা নিচ্ছিল। মানে আমরা সবাই একসঙ্গে ছিলাম না। কিন্তু পরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলব।’

অভিজ্ঞ এই ডিফেন্ডার অবশ্য এখনই কোচের পদত্যাগ নিয়ে কথা বলতে আগ্রহী নন, ‘আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এখন আমার মনে হয় আমাদের ব্যক্তিগতভাবে অবশ্যই তার সঙ্গে কথা বলা উচিত। আমরা এই মন্তব্য পেয়েছি আর এখন কথা বলার চেষ্টা করে দেখব কি হয়।’

এদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য কুটি রোমেরো বলেছেন, ‘ড্রেসিংরুমে এমন কোন কথাই হয়নি। আমি জানিনা তার মনে কী চলছে। আমরা চেষ্টা করব একসঙ্গে থাকার, তিনি আমাদের দলে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!