ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ ব্যর্থতায় পদক্ষেপ নিচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৯, ২০ নভেম্বর ২০২৩
বিশ্বকাপ ব্যর্থতায় পদক্ষেপ নিচ্ছে বিসিবি
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বিশ্বকাপে দলের ব্যর্থতার বিষয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং দলের পরিচালক খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপ নেবে বোর্ড।

নয় ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপে দলের চরম ব্যর্থতা দেশের সুনাম নষ্ট করেছে। ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক সাফল্যের ফলে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলো টাইগাররা।

ইউনুস বলেন, ‘আমাদের সকলেরই দায়িত্ব আছে। আমরা সবাই স্বীকার করেছি (আমাদের ব্যর্থতা)। দল যদি বাজে পারফরমেন্স করে অবশ্যই সেটি আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে, আমার কমিটিকেও এটি মানতে হবে এবং এটা আমরা স্বীকার করেছি।’

Advertisement

নেদারল্যান্ডসের বিপক্ষে হার বাংলাদেশের জন্য চিন্তার বিষয়। দু’টি জয় ছাড়া  প্রতিপক্ষকের সাথে লড়াই করতে ব্যর্থ হয়েছে টাইগাররা। ইউনুস বলেন, ‘আপনারা জানেন, এই ধরনের ফলাফল আমরা আশা করিনি। কেন এমন হয়েছে, তা আমরা জানি না।

আপনি যখন বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলবেন, তখন অবশ্যই লক্ষ্য থাকবে। আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিলাম এবং সেটি ছিল সেমিফাইনালে খেলা। আমরা যদি সেমিতে উঠতে নাও পারি তাহলে অন্তত চার বা পাঁচটি ম্যাচ জয়ের লক্ষ্য ছিলো।’

ইউনুস জানিয়েছেন, বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানতে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও দলের পরিচালক খালেদ মাহমুদ সুজনের কাছে রিপোর্ট চেয়েছে বিসিবি। ঐ রিপোর্ট পাবার পর সভা ডেকে পরবর্তী লক্ষ্য নির্ধারণ করবে বোর্ড।

ইউনুস বলেন, ‘আমাদের আগে রিপোর্ট পেতে হবে। আমি প্রধান কোচকে একটি রিপোর্ট দিতে বলেছিলাম। টিম ডিরেক্টরও বলেছে, একটি রিপোর্ট দিবে। আমরা আশা করি, সেই রিপোর্টগুলো পেলে হারের কারণগুলো খুঁজে বের করতে পারবো।’

কি ধরনের পদক্ষেপ নেয়া হবে সেটি প্রকাশ করেননি অভিজ্ঞ ক্রিকেট সংগঠক ইউনুস। তিনি জানান, রিপোর্ট পেলেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। ইউনুস বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য যা প্রয়োজন আমাদের তাই করতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!