ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

যে বিষয়ে দুশ্চিন্তায় নিউজিল্যান্ড, কপাল খুলবে পাকিস্তানের!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:২৩, ৮ নভেম্বর ২০২৩
যে বিষয়ে দুশ্চিন্তায় নিউজিল্যান্ড, কপাল খুলবে পাকিস্তানের!
ফাইল ছবি

চলমান বিশ্বকাপের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি কিউইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে শ্রীলংকার জন্যও ম্যাচটি কম গুরুত্বপূর্ণ নয়। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ব্যাঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তার ভাঁজ কিউইদের কপালে। কেননা, বৃষ্টিতে ভেসে যেতে পারে নিউজিল্যান্ডের সেমিফাইনালের স্বপ্ন। ম্যাচ চলাকালীন সময়ে বৃষ্টির ঘনঘটা দেখা দিতে পারে অতিমাত্রায়। 

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, এরই মধ্যে ৭ সে.মি.-এর বেশি বৃষ্টি হয়েছে। যার দরুণ নিচু এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমেছে। এছাড়া শহরের ঢালু এলাকায় বন্যারও সৃষ্টি হয়েছে। ২০১৫ সালের পর এত বৃষ্টি দেখেনি ব্যাঙ্গালুরু। 

Advertisement

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকতে পারে। ব্যাঙ্গালুরুর আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে তারা।

এদিকে বৃষ্টির কারণে ম্যাচ যদি পণ্ড হয়ে যায়, তাহলে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। এতে করে কপাল পুড়তে পারে বিশ্বকাপের গেল আসরের রানার্স আপদের। অন্যদিকে কপাল খুলবে পাকিস্তানের।

কিউইদের মতো পাকিস্তান ও আফগানিস্তানেরও পয়েন্ট আট। দল দুইটিরও একটি করে ম্যাচ বাকি। যদি বৃষ্টির কারণে শ্রীলংকার সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি করতে হয়, তবে তাদের হবে ৯ পয়েন্ট।

সেক্ষেত্রে পাকিস্তান যদি ইংল্যান্ডের সঙ্গে কিংবা আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার সঙ্গে নিজেদের শেষ ম্যাচগুলো জিতে যায়, তাহলে ১০ পয়েন্ট নিয়ে তাদের মধ্য থেকেই নেট রানরেটে এগিয়ে থাকা দল উঠে যাবে সেমিফাইনালে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!