ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ৮ নভেম্বর ২০২৩
চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেলো বার্সেলোনা
ছবি: সংগৃহীত

স্প্যানিশ লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগেও হোঁচট খেয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। শাখতার দোনেৎস্কের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরেছে তারা।  

গতকাল (মঙ্গলবার) রাতে শাখতারের মাঠে আতিথ্য পায় বার্সা। স্বাগতিকদের দাপটে তারা ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে। সেই গোল শোধরাতে অনেক চেষ্টা করলেও রবার্ট লেভান্ডফস্কি, ফেররান তোরেস ও জোয়াও ফেলিক্সরা প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারেননি।

ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও গতিময় ফুটবল খেলেছে শাখতার। সুযোগ পেলেই তারাবার্সেলোনার রক্ষণে হানা দিচ্ছিল। খেলার ৪০মিনিটে দানিলো সিকানের গোলে এগিয়ে যায় শাখতার (১-০)। ডানদিক থেকে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রস অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন দানিলো । লাফিয়েও বলের নাগাল পাননি বার্সা গোলরক্ষক টের স্টেগান।

Advertisement

পুরো সময়ে বার্সেলোনা গোলের উদ্দেশ্যে নেওয়া ১৩টি শটের মাত্র একটিই পোস্টে রাখতে সক্ষম হয়। খেলার ৬১ মিনিটে পোস্টে প্রথম শট রাখতে সমর্থ হয় বার্সা। লেভানদোভস্কির থ্রু পাস ধরে গাভির শট ফিরিয়ে শাখতারকে এগিয়ে রাখেন গোলরক্ষক। একটু পর ফেলিক্সের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে শাখতার দোনেৎস্ক। 

টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল জাভির শিষ্যরা। তবে ৯ পয়েন্ট নিয়ে তারা ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে। সমান ৯ পয়েন্ট নিয়ে পোর্তোর অবস্থান দুইয়ে, ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে শাখতার।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!