আগের দিনের ৬ উইকেটে ১২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন খুলনার সৌম্য ও জিয়াউর রহমান। এদিন কোন রান যোগ করার আগেই উইকেট হারায় খুলনা। কামরুল ইসলাম রাব্বির বলে উইকেটের পেছনে শামসুল ইসলাম অনিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ১২ রান করা জিয়াউর। এরপর টিপু সুলতানকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন সৌম্য।
৫ রানে অপরাজিত থেকে ব্যাটিং করতে নামা সৌম্য ৭১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। সৌম্যকে দারুণভাবে সঙ্গ দেয়া টিপু ফিরলে ভাঙে তাদের এই জুটি। মইন খানের বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৯৪ বলে ১১ রান করা টিপু। তার বিদায় ভাঙে সৌম্যর সঙ্গে ৮৮ রানের জুটি। শেষ দিকে সৌম্যকে সঙ্গ দিতে পারেননি আল আমিন হোসেন ও আব্দুল হালিম।
.png)
তারা দুজন দ্রুত বিদায় নিলে ২২৫ রানে অল আউট হয় খুলনা। যোগ্য সঙ্গীর অভাবে সেঞ্চুরি পাওয়া হয়নি দারুণ ব্যাটিং করতে থাকা সৌম্যর। ১০ চার ও তিন ছক্কায় ১০৯ বলে ৯৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার।
বরিশালের হয়ে একাই চার উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন মইন। ১৪৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশালের দুই ওপেনার মইনুল ইসলাম ও ইফতিখার হোসেন ইফতি।