এবারের ভারত-পাকিস্তান ম্যাচেও বড় এক ভুল করে বসেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অনেকেই মনে করছেন, ঘরের মাঠে এত দর্শকের সামনে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার উত্তেজনাতেই এমন বড় ভুল করেছেন এ ব্যাটার।
চলমান বিশ্বকাপে শনিবার (১৪ অক্টোবর) চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়। হাইভোল্টেজ এই ম্যাচে ভুল জার্সি পরে মাঠে নেমেছিলেন কোহলি। এমনকি সেই ভুল জার্সি গায়েই ভারতের জাতীয় সংগীত গেয়েছেন তিনি।
.png)
এবারের বিশ্বকাপে ভারতের জার্সি প্রস্তুত করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। ভারতের লোগোর সঙ্গে মিল রেখে জার্সির কাঁধের নকশা কমলা, সাদা ও সবুজ রং দিয়ে স্ট্রাইপ করা হয়েছে। বিশ্বকাপের আগে খেলা ওয়ানডে ম্যাচগুলোতে ওই তিন স্ট্রাইপের রং ছিল সাদা।
কোহলি ব্যতীত দলের সবাই কমলা, সাদা ও সবুজ রঙয়ের স্ট্রাইপের জার্সি পরে মাঠে নামলেও কোহলি মাঠে নেমে যান বিশ্বকাপের আগে ব্যবহৃত সাদা রঙের স্ট্রাইপ করা জার্সি গায়েই। টসের পর দুই দল জাতীয় সংগীত গাইতে সারিবদ্ধভাবে দাঁড়ালে বিষয়টি সকলের নজরে পড়ে।
জাতীয় সংগীত শেষে শচীন টেন্ডুলকারের সঙ্গে আলিঙ্গনও করেন কোহলি। এরপর সেই ভুল জার্সি গায়ে ফিল্ডিং করতেও নেমে যান তিনি। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর কোহলির সেই ভুল কেউ ধরিয়ে দিলে জার্সি বদলাতে ড্রেসিংরুমে চলে যান কোহলি।
জার্সি বদল করে কিছুক্ষণ পর তেরঙা স্ট্রাইপের জার্সি গায়ে মাঠে ফেরেন কোহলি। এমন ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। বাবর আজমদের ১৯১ রানে অল আউট করে ৭ উইকেটে ম্যাচ জিতেছে স্বাগতিকরা।