ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

দুর্ভাগা উইলিয়ামসন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ১৪ অক্টোবর ২০২৩
দুর্ভাগা উইলিয়ামসন!
কেন উইলিয়ামসন। ছবি- সংগৃহীত

কপাল খারাপ হলে যা হয়! চোট কাটিয়ে ফিরেই আবারো চোটের থাবা। এবার তো আঙুলের হাড়ই ভেঙে গেল। তাই চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের মতো যোদ্ধাকে হয়তো আর দেখা যাবে না। তার মতো মহাতারকাকে হারিয়ে বিপাকে পড়েছে কিউইরা। উইলিয়ামসনকে ছাড়া দু’টি ম্যাচ জিতলেও সামনের কঠিন পরীক্ষায় ফুলমার্কস তুলতে হলে তাকে বড্ড প্রয়োজন ছিল। কিন্তু সেটি আর হলো কই। ভয়ংকর চোট আর ভাগ্য দেবতা উইলিয়ামসনকে খেলতে দিলে তো।

সবশেষ আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নেমেই হাঁটুতে চোট পান উইলিয়ামসন। যে কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। সেই থেকে রিহ্যাবে ছিলেন কিউই দলপতি। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার পরও নিউজিল্যান্ডের নির্বাচকরা উইলিয়ামসনকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে দেন। এমনকি তার কাঁধে নেতৃত্বের ভারও তুলে দেওয়া হয়।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচে অপরাজিত ৫৪ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৩৭ রান। যদিও মূল লড়াইয়ে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ২টি ম্যাচে খেলেননি তিনি। সেই ২টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন টম লাথাম। কিন্তু বাংলাদেশের বিপক্ষে নেমেই ঝলক দেখান উইলিয়ামসন। 

Advertisement

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই লড়াকু হাফ-সেঞ্চুরি করেন তিনি। তবে দুর্ভাগ্য উইলিয়ামসনের পিছু ছাড়েনি। ৩৭.১ ওভারে বাংলাদেশের ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ-হাতে। এতে বুড়ো আঙুলে চোট পান তিনি। ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রুষা করেন। ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত মাঠ ছাড়েন সময়ের সেরা এ ব্যাটার।

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইলিয়ামসন বলেন, আঙুল ফুলে গিয়েছে তার এবং লাল হয়ে গিয়েছে। চোটের জায়গায় স্ক্যান করাবেন বলেও জানিয়েছিলেন তিনি। 

অবশেষে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হলো, শনিবার উইলিয়ামসনের বাঁ-হাতের বুড়ো আঙুলে এক্স-রে করানো হয়েছে। যে রিপোর্টে আসলো দুঃসংবাদ। বল পড়ে তার বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙে গেছে।

আহা! যে উইলিয়ামসনকে ঘিরে নতুন স্বপ্ন বুনেছিল কিউইরা। তার এমন পরিণতি মানতে কষ্টই হবে তাদের। কারণ নিউজিল্যান্ড দলে কেন উইলিয়ামসন একজন পরীক্ষিত ক্রিকেটার। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আর পারফর্ম করা মিলিয়ে নিজের দিনে তিনি প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারেন ভয়ংকর। আর এবারের আসর যেহেতু ভারতে। তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সর্বোচ্চ আসর আইপিএলে উইলিয়ামসন শুধু খেলেনইনি, পরেছেন অধিনায়কত্বের আর্মব্যান্ড। 

এ অভিজ্ঞতা নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাজে লাগাতে পারতো দারুণভাবে। কারণ একটি জায়গাতে যখন আপনি অধিনায়কত্বের আর্মব্যান্ড পরবেন, তখন শুধু সেই দলটি সম্পর্কেই জানবেন না; বরং সেই দল, সেই দেশের সংস্কৃতি, ক্রিকেট নিয়ে চিন্তার পরিসর– সবই আপনার জানা হয়ে যাবে। কিন্তু বেরসিক ইনজুরি একের পর এক ছোবল বসিয়ে সবকিছু এলোমেলো করে দিলো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!