যদিও আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু বৃষ্টির কারণে যে ম্যাচটি বাতিল হবে তা বুঝতে পারেনি দুই দলের কেউ। শেষ পর্যন্ত বেরসিক বৃষ্টিতে গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচটি ভেস্তে যায়। শনিবার অবশ্য টস হয়েছিল নির্বিঘ্নেই। ভারত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
তখনও ধারণা করা যায়নি যে, খেলাটা শেষ পর্যন্ত শুরুই হবে না। টসের পরেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে সেই বৃষ্টি কমলেও, একেবারে কমে যায়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার পর ম্যাচ বাতিলের ঘোষণা করে ম্যাচ রেফারি।
.png)
ভারতের পরবর্তী প্রস্তুতি ম্যাচ আগামী ৩ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে, যেখানে শুক্রবার দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। কে জানে, ভারতকে এবার প্রস্তুতি ম্যাচ ছাড়াই মূল মঞ্চে নেমে পড়তে হয় কিনা!