শনিবার চীনের গংসুক ক্যানাল স্পোর্টস পাক স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে আশরাফুল-আরশাদরা।
এদিন ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল পান। ১৭ মিনিটে রুসলান করিমভের গোলে সমতায় ফেরে উজবেকিস্তান। চার মিনিট পর আরশাদ হোসেনের গোলে বাংলাদেশ আবার লিড নেয়।
.png)
যদিও বাংলাদেশের এই লিড বেশিক্ষণ থাকেনি। পুনরায় ম্যাচে সমতা আনে উজবেকিস্তান। ২৬ মিনিটে জনিবেক ফিল্ড গোল করেন। ২-২ গোলের সমতায় মধ্য বিরতিতে যায় দুই দল।
বিরতির পর বাংলাদেশ তৃতীয় গোল করে এগিয়ে যায়। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল লক্ষ্যভেদ করে উজবেকিস্তানকে পেছনে ফেলেন। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম চতুর্থ গোল করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন।