ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ দলে তামিম আছেন, তামিম নেই!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপ দলে তামিম আছেন, তামিম নেই!
ছবি: সংগৃহীত

দারজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। অপেক্ষা মাত্র ৯ দিনের অপেক্ষা। ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে বিশ্বকাপের জার্সি উন্মোচন করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

এই স্কোয়াডে নেই বাংলাদেশের ইতিহাসে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার স্থানে জায়গা পেয়েছেন আরেক তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। 

জাতীয় দলে নিজের প্রথম ম্যাচগুলোতে অবশ্য জুনিয়র তামিমের ভাল কিছু করা হয়নি। ইমার্জিং এশিয়া কাপে নিজের পারফর্মের সুবাদেই ভারতের ফ্লাইট ধরছেন তিনি। 

Advertisement

২০০৭ বিশ্বকাপে তরুণ তামিম বাংলাদেশকে ভরসা দেখিয়েছিলেন। ২০২৩ বিশ্বকাপে আর তামিম বাংলাদেশের ওপেনিংয়ের দায়িত্বে। এর তামিমের জায়গায় এসেছেন আরেক তামিম। এবার নতুন তামিম বাংলাদেশকে ঠিক কতটা পথ দেখাতে পারেন সেটাই প্রশ্ন। 

ইনজুরিতে বিশ্বকাপ মিস করলেও এর আগে তামিম ইকবাল এক ম্যাচ খেলে ফেলেছেন। দলের আর সবার ব্যাটিং ব্যর্থতার মাঝে তিনি করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে বিসিবিকে জানিয়েছেন, পুরো বিশ্বকাপ খেলার মত ফিট নন তিনি। আর পুরো ফিট না হওয়া তামিমকে নিয়ে বিশ্বকাপে যেতে নারাজ ছিলেন অধিনায়ক সাকিব এবং কোচ হাথুরু। সবমিলিয়ে জটিলতা কাটিয়ে আর ভারতে যাওয়া হচ্ছেনা তামিম ইকবালের। 

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সঙ্গে বিশ্বকাপের দল ও জার্সি উন্মোচন করে বিসিবি। সংস্থাটি ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ইউটিউব ও ফেসবুকে পোস্ট করেছে। যেখানে বিশ্বকাপ খেলতে যাওয়া ১৫ ক্রিকেটার এক এক করে সামনে আসতে থাকেন। তাদের সবার হাতে তুলে দেওয়া হচ্ছিল বিশ্বকাপের জার্সি। প্রত্যেকে বিশ্বকাপের জার্সি পরে ভারতের খেলতে যাওয়া ঘোষণা দিচ্ছিলেন নিজের মুখে।

সাকিবকে দিয়ে শুরু, মাহমুদউল্লাহকে দিয়ে শেষ হয় বিশ্বকাপ খেলতে যাওয়া ১৫ ক্রিকেটারের পরিচিত। যে ১৫ জনে নেই তামিম। গতরাত থেকেই যার বিশ্বকাপ দলে না থাকার জল্পনা শুরু হয়েছিল।

তামিম নাকি নির্বাচকদের বলেছেন তিনি পুরো ফিট নন। ওদিকে অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে পুরো ফিট না হলে কাউকে দলে চান না এমন শোনা যাচ্ছিল। এমনকি সাকিব বিশ্বকাপে অধিনায়ক থাকতে চান না এমন আলোচনাও ছিল।

এসব নিয়ে দিনভর অনেক আলোচনা শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই ঘোষিত হলো দল। তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

সিনিয়র তামিমের জায়গায় বিশ্বকাপে যাচ্ছেন তানজিদ হাসান তামিম। ৫ ওয়ানডেতে মাত্র ৩৪ রান করে বিশ্বকাপের টিকেট পেলেন তিনি। অন্য দিকে তানজিম হাসান সাকিব বিশ্বকাপে যাচ্ছেন মাত্র দুই ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে।

লিটন ও তরুণ তামিমকে দিয়ে বিশ্বকাপ দলে ওপেনার মাত্র দুজন। তৃতীয় ওপেনার নেই। ওপেনিং থেকে টপ অর্ডার পর্যন্ত বিশেষজ্ঞ ব্যাটসম্যান ৫ জন।

সাকিব ও মুশফিক যাচ্ছেন তাদের পাঁচ নম্বর বিশ্বকাপে খেলতে। মাহমুদউল্লাহ খেলবেন চার নম্বর বিশ্বকাপ। আগামীকালই ভারত উড়ে যাবে বাংলাদেশ দল। গৌহাটিতে ২৯ সেপ্টেম্বর শ্রীলংবা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিবের দল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!