৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জিতল ভারত। আর এই হারে ভেস্তে গেল বাংলাদেশের এশিয়াডে টিকে থাকার লড়াই।
টানা দুই হারে এশিয়ান গেমসের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে বাংলাদেশ। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপের সঙ্গে তৃতীয় স্থানে থাকা শীর্ষ চার দল রাউন্ড-১৬ তে খেলবে। বাংলাদেশ দুই ম্যাচ হারায় পয়েন্ট শূন্য।
.png)
সুনীল ছেত্রী গোল করে জয়ের নায়ক হলেও ম্যাচের মূল নায়ক বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। সিনিয়র দলে তিন নম্বর গোলরক্ষক অলিম্পিক দলে প্রথম একাদশেই খেলছেন। আজ ভারতের বিপক্ষে অন্তত ছয়টি সেভ করেছেন তিনি।
ভারত, মিয়ানমার ও চীনের ঝুলিতে এরই মধ্যে তিন পয়েন্ট করে হয়েছে। চীন মিয়ানমারকে হারালে স্বাগতিকদের ছয় পয়েন্ট হবে। তখন শেষ ম্যাচে মিয়ানমার ও ভারতের ম্যাচ ড্র হলে বাংলাদেশ চীনকে হারালেও গ্রুপে তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকবে না।
গাণিতিকভাবে এখনো সম্ভাবনা থাকলেও বাস্তবিক অর্থে বাংলাদেশের টুর্নামেন্টের পরের পর্বে খেলা অসম্ভব।