সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। কিস্তু বেরসিক বৃষ্টিতে পঞ্চম ওভারেই খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে ফের খেলা মাঠে গড়ায়।
বৃষ্টির কারণে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকদের চিরচেনা সেই ঢেউয়েও যেন কিছুটা ভাটা পড়েছিল। তবে বৃষ্টি শেষে আকাশ পরিষ্কার হতেই ভরে ওঠে সবগুলো গ্যালারি।
.png)
বাংলাদেশ দল মাঠে নামতেই নামতেই একটা বিষয় অনেকের দৃষ্টিগোচর হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিব আক্রমণে আসতেই গ্যালারিতে তরুণ এ পেসারের নামে স্লোগান! কেউ গলা হাঁকছেন ‘সাকিব সাকিব’ নামে, কেউবা আবার ‘তানজিম, তানজিম’ বলে স্লোগান ধরেছেন।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় তানজিম সাকিবের। ম্যাচটিতে দুর্দান্ত পারর্ফম করেন এই তরুন পেসার। সে সুবাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে জায়গা পান তিনি।
সম্প্রতি সমাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। মূলত বছর খানেক আগে করা এই পেসারের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরেই যত সমালোচনা। সেই পোস্টে নারী বিদ্বেষীসহ আরো বিরূপ মনোভাবের অভিযোগ উঠেছে।
অবশ্য এ বিষয়ে এরই মধ্যে ক্ষমা চেয়েছেন টাইগার এই পেসার। বিসিবির তরফে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।