ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ ২০২৩

ভারত-শ্রীলংকা ফাইনালের বিশেষ ৫ রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ভারত-শ্রীলংকা ফাইনালের বিশেষ ৫ রেকর্ড
ফাইল ছবি

একতরফা ফাইনালে শ্রীলংকাকে নাস্তানাবুদ করে অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। যেখানে হয়েছে পাঁচটি বিশেষ রেকর্ড।

১০০ ওভারের ম্যাচে দুই দল সবমিলিয়ে খেলেছে ২১.৩ ওভার! স্বাগতিক শ্রীলংকা প্রথমে ব্যাট করে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট হয়। এরপর ৫১ রানের লক্ষ্য ৬.১ ওভারে টপকে ভারত জিতে ১০ উইকেটে। 

ভারত-শ্রীলংকার ম্যাচটি ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন বলে শেষ হওয়া ম্যাচ। এর আগে ২০২০ সালে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে ম্যাচ ১০৪ বলে শেষ হয়েছিল। যা বিশ্ব রেকর্ড।

Advertisement

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলংকা-জিম্বাবুয়ের ২০০১ সালের ম্যাচটি। সেবার ম্যাচ শেষ হয়েছিল ১২০ বলে। আর রোববার (১৭ সেপ্টেম্বর) ভারত-শ্রীলংকার ম্যাচটি ১২৯ বলে শেষ হয়। এর আগে শ্রীলংকা ২০১২ সালে ৪৩ রানে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়ে ১৪০ বলের মধ্যে ম্যাচ হেরেছিল।

এশিয়া কাপে এর আগে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডটি ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা। গতকাল শ্রীলংকা লজ্জার সে রেকর্ড থেকে মুক্তি দিলো বাংলাদেশকে। এখন এশিয়া কাপের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি শ্রীলংকার। 

ওয়ানডেতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি জিম্বাবুয়ের। ২০০৪ সালে হারারেতে শ্রীলংকাই জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছিল ৩৫ রানে। এবার তারা নিজেরা সেই লজ্জায় পড়তে যাচ্ছিল। তবে কোনোমতে রক্ষা। ৫০ রান পর্যন্ত যেতে পেরেছে লংকানরা। 

ওয়ানডে ক্রিকেটে যেকোন ধরনের আন্তর্জাতিক ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড এটি। ভারত ২৬৩ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে। এর আগে ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২২৬ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া ১৭৯ বল হাতে রেখে জয়ের কীর্তি গড়েছিল। 

বলের হিসেবে এটি ভারতের সবচেয়ে বড় ওয়ানডে জয়। এর আগে ২০০১ সালে ব্লুমফন্টেইনে কেনিয়ার বিপক্ষে ২৩১ বল হাতে রেখে জিতেছিল ভারত। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল ২১১ বল হাতে রেখে। এছাড়া ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে ১৮৮ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল মেন ইন ব্লুজরা। 

যেকোন আন্তর্জাতিক ওয়ানডে ফাইনালে ১০ উইকেটে জয়ের এটি তৃতীয় ঘটনা। এর আগে ১৯৯৮ সালে কোকা কোলা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্যে নেমে ১০ উইকেটে জিতেছিল ভারত। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে ভিবি সিরিজের ফাইনালে ১১৮ রান কোন উইকেট না হারিয়ে তাড়া করেছিল অস্ট্রেলিয়া। এবার এশিয়া কাপের ফাইনালে ৫১ রান তাড়া করলো ভারত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!