চলতি মাসের শুরুতে আর্সেনালের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল সাঞ্চোকে। অনুশীলনে দুর্বল পারফরম্যান্সের কারণে তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল বলে ওই সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
কোচের মন্তব্যের পরপরই এর প্রতিবাদ জানান ২৩ বছর বয়সি সাঞ্চো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে ইংলিশ এ তারকা বলেন, তাকে দীর্ঘ মেয়াদের জন্য ‘বলির পাঠা’ বানানো হয়েছে।
.png)
বৃহস্পতিবার ইউনাইটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মূল গ্রুপের বাইরে থেকে জাডন সাঞ্চো নিজ উদ্যোগে অনুশীলন করবেন। স্কোয়াডের শৃঙ্খলাজনীত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।’
সাঞ্চোকে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মেধাবী তরুণ তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। দুই বছর আগে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৭৩ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি।
কিন্তু বিপুল অর্থ ব্যয়ের প্রতিদান ওল্ড ট্রাফোর্ডে দিতে পারেননি সাঞ্চো। এ পর্যন্ত ক্লাবটির হয়ে ৮২ টি ম্যাচে মাত্র ১২ গোল করেছেন তিনি। এর আগে গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ম্যানচেস্টার সিটির সাবেক এই যুব তারকাকে ছুটি দেয়া হয়েছিল।
কঠোর শৃঙ্খলাবাদী টেন হাগ কখনো নিয়মের ব্যত্যয় ঘটতে দেন না। সেটি যত বড় তারকাই হোক না কেন। টিম মিটিংয়ে দেরী করে আসায় গত মৌসুমে একটি ম্যাচে সাইডলাইনে বসে থাকতে হয়েছিল মার্কাস রাসফোর্ডকে।
এছাড়া টেলিভিশন সাক্ষাৎকারে আয়াক্সের সাবেক এই কোচের সমালোচনা করায় ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় দফার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তন সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল।