শুক্রবার কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানে গুটিয়ে যায় ভারত। এতে দীর্ঘ ১১ বছর পর এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে হারায় টাইগার বাহিনী।
এদিকে এশিয়া কাপের আগে এবাদত হোসেন ইনজুরিতে পড়লে তার পরিবর্তে দলে ডাক পান তানজিম হাসান সাকিব। শ্রীলংকায় উড়িয়ে নেয়া হলেও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কোনো ম্যাচেই মাঠে নামানো হয়নি তাকে। শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করতে মাঠে নামানো হয় তানজিমকে।
.png)
নিজের প্রথম ওভারেই রোহিত শর্মাকে কাভার পয়েন্টের ক্যাচে পরিণত করেন তানজিম সাকিব। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় বলেই রোহিতের মতো ব্যাটারের উইকেট পাওয়াটাকে স্বপ্নের মতো ব্যাপার বলছেন টাইগারদের তরুণ এই উদীয়মান তারকা।
অভিষেক ম্যাচ নিয়ে ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে তানজিম সাকিব বলেন, ‘রোহিত ভাইয়ের উইকেটটা ছিল আমার কাছে স্বপ্নের উইকেট। আমার ক্যারিয়ারের প্রথম উইকেট। কেবল বল ঠিক লাইন ও লেংথে করায় মনোযোগ দিয়েছি। এটা ঠিক রাখার চেষ্টা করেছি। এজন্য আমি তাড়াতাড়ি সাফল্য পেয়েছি।’
তিনি বলেন, ‘ওই বলে (শেষ ওভারের পঞ্চম বল) আমি আবার স্লোয়ার দেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু এটা খুব কাছাকাছি ম্যাচ ছিল, দুই বলে আট রান দরকার ছিল। আমার বিশ্বাস ছিল পারফেক্ট ইয়র্কার করতে পারবো। সেটাই হয়েছে। আমরা দেশে ফিরে যাচ্ছি ভারতের বিপক্ষে বড় একটা জয় নিয়ে। আমার জন্য খুব ভালো অনুভূতি।’