শনিবার স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও স্লোভাকিয়া। এ ম্যাচে বল দখল থেকে শুরু করে লক্ষ্যে শট নেয়ায় এগিয়ে ছিল পর্তুগাল। তবুও কাঙ্খিত সাফল্য পেতে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে।
এদিন ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। তবে ব্রুনোর দুর্বল শট পরীক্ষায় ফেলতে পারেনি প্রতিপক্ষের গোলরক্ষক মার্টিন দুব্রাভকাকে। তবে ম্যাচের ৪৩ মিনিটে বার্নার্দো সিলভার পাসে ডান প্রান্ত থেকে নিখুঁত কোণাকুণি শটে জাল খুঁজে নেন ব্রুনো ফার্নান্দেজ।
.png)
ম্যাচের ৬১ মিনিতে ব্যবধান বাড়াতে পারতো পর্তুগাল। গোলমুখে ফাঁকায় থাকলেও সিলভার কাছ থেকে পাওয়া বলে ঠিকমতো পা ছোঁয়াতেই পারেননি রোনালদো।
এরপর আরেক দফা চেষ্টা চালাতে গিয়ে দুব্রাভকাকে ফাউল করে বসেন। তখন পর্তুগিজ অধিনায়ককে দেখতে হয় হলুদ কার্ড। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।
পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। দুইয়ে থাকা স্লোভাকিয়ার অর্জন সমান ম্যাচে ১০ পয়েন্ট। লুক্সেমবার্গও পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। তবে গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা।