ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি-ডি ব্রুইনকে টপকে বর্ষসেরা হালান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ১ সেপ্টেম্বর ২০২৩
মেসি-ডি ব্রুইনকে টপকে বর্ষসেরা হালান্ড
আর্লিং হালান্ড। ছবি- সংগৃহীত

ক’দিন আগেই প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএসএ) অ্যাওয়ার্ড উঁচিয়ে ধরেছেন আর্লিং হালান্ড। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে এ পুরস্কার জেতেন তিনি। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার ক্যারিয়ারের সর্বোচ্চ অ্যাওয়ার্ড শোকেসে ভরলেন এ নরওয়েজিয়ান স্ট্রাইকার।

প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন হালান্ড। প্রতিদ্বন্দ্বি হিসেবে তার সঙ্গে ছিলেন সিটিজেন সতীর্থ কেভিন ডি ব্রুইন ও সাবেক পিএসজি ফরোয়ার্ড লিওনেল মেসি। এই দুজনকে টপকে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন ২২ বছর বয়সী এ ফুটবলার।

নরওয়ের প্রথম ফুটবলার হিসেবে এই সম্মাননা পেয়েছেন হালান্ড। বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হালান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

Advertisement

উয়েফা বর্ষসেরা ফুটবলার হয়ে হালান্ড বলেন, ‘আমি ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে বাস করছি।’

এদিকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গী ছিলেন ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা কোচ সিমোনে ইনজাঘি ও নাপোলিকে ৩৩ বছর পর সিরি’আ জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তি।

মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। আর নারী ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ডাচ ম্যানেজার সারিনা ওয়েগম্যান। এছাড়া আজীবন সম্মাননাসূচক উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!