মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। শনিবার শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামার কথা রয়েছে বাবর-রোহিতদের। কিন্তু বিশ্বকাপের আগে উত্তাপ ছড়ানো ম্যাচটিতে বাধ সাধতে পারে বৃষ্টি।
বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার শ্রীলংকার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭০/৯০ শতাংশ। অর্থাৎ পুরো সময় না হলেও ম্যাচের কোনো না কোনো সময় বৃষ্টি হতেই পারে। যদিও বৃষ্টির কথা মাথা রেখেই প্রস্তুতির কমতি রাখছে না সহ-আয়োজক শ্রীলংকা। মাঠ প্রস্তুত রাখা হচ্ছে, যাতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি খেলা শুরু করা যায়। মাঠের ধারেই রাখা হচ্ছে কভার।
.png)
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তানের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচটি ভেস্তে যেতে পারে। পাল্লেকেলেতে গত দুই দিন ধরে বেশ প্রবল বৃষ্টি হচ্ছে।
বিভিন্ন আবহাওয়ার অ্যাপের সূত্রে তারা জানায়, শনিবার পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারত-পাকিস্তানের ম্যাচ। আবহাওয়ার তথ্য অনুসারে ওই দিন বৃষ্টিপাতের সর্বনিম্ন ভবিষ্যদ্বাণী হলো ৯১%। সেদিন অলৌকিক ঘটনা না ঘটলে ম্যাচটি মাঠে গড়ানো প্রায় অসম্ভব।
এরই মধ্যে শ্রীলংকা পৌঁছেছে ভারতীয় দল। কিন্তু পাল্লেকেলেতে আসার পথে তারা দেখেছেন ঘন কালো মেঘ। রাজধানী কলম্বো ছেড়ে তা ক্রমশই এগিয়ে চলেছে ক্যান্ডির দিকে। বুধবার ক্যান্ডিতে সূর্যের আলো প্রায় দেখাই যায়নি।
সাধারণত বৃষ্টির কারণে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলংকায় খেলা হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলংকাকেই কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিতে পারে। এমনকি কলম্বোতে যে ম্যাচগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।