ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবদের নিরাপত্তায় পাকিস্তানের স্পেশাল ফোর্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ২৭ আগস্ট ২০২৩
সাকিবদের নিরাপত্তায় পাকিস্তানের স্পেশাল ফোর্স
ছবি- সংগৃহীত

ক’দিন পরেই শুরু হবে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসরের আয়োজক পাকিস্তান। তবে ‘হাইব্রিড মডেল’-এর কারণে সহ আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে শ্রীলংকাও।

১৯৯৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ফলে কঠোর নিরাপত্তার জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। এতে পাকিস্তানে অনুষ্ঠেয় চারটি ম্যাচেই কড়া নিরাপত্তার সুবিধা পাবে এশিয়া কাপে অংশ নেয়া দেশগুলো।

মূলত ২০০৯ সালে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে অনেক দিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। এখন অবশ্য পরিস্থিতি পাল্টেছে। একের পর এক দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে। 

Advertisement

আগামী ৩০ আগস্ট দেশটিতে পর্দা উঠছে এশিয়া কাপের। আসন্ন টুর্নামেন্ট নিয়ে বাড়তি সতর্ক পাকিস্তান সরকার। কারণ এরপর ২০২৫ চ্য়াম্পিয়ন্স ট্রফিরও আয়োজক দেশ পাকিস্তান। ফলে এশিয়া কাপটা তাদের কাছে অ্যাসিড পরীক্ষা।

এই পরিস্থিতিতে কোনো ভুল করতে চায় না পাকিস্তান সরকার। আর তাই এশিয়া কাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশটির সেনাবাহিনী। তাদের সঙ্গে নিরাপত্তার জন্য থাকবে বিশেষায়িত বাহিনী পাঞ্জাব রেঞ্জার্স।

রোববার থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যা থাকবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ম্যাচ চলাকালীন শহর জুড়ে ৭ হাজারের বেশি নিরাপত্তা কর্মী ছাড়াও স্পেশাল কমান্ডো ফোর্সও থাকবে মাঠের আশপাশে। এবারের আসরে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস পাকিস্তান প্রশাসনের।

এশিয়া কাপ ঘিরে বেশ আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছে পিসিবি। পাকিস্তান প্রশাসন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা ইস্যুতে। পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘পাঞ্জাব রেঞ্জার্সকে দ্বিতীয় স্তরের কুইক রিয়্যাকশন ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। আর পাকিস্তান সেনা বাহিনী তৃতীয় স্তরের কুইক রিয়্যাকশন ফোর্স হিসেবে থাকবে।’

এদিকে ভারতের আপত্তির কারণে আয়োজক হয়েও নিজেদের দেশে চারটির বেশি ম্যাচ আয়োজন করতে পারছে না পাকিস্তান। এই চার ম্যাচের ভেতর উদ্বোধনী ম্যাচটি হবে মুলতানে। সেই ম্যাচে লড়বে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। 

এরপর আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি হবে লাহোরে। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ সেপ্টেম্বর লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও সুপার ফোরের কেবল একটি ম্যাচ হবে পাকিস্তানে। গ্রুপ পর্ব পার হওয়া সাপেক্ষে এই ম্যাচে লড়বে পাকিস্তান ও বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!