সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছেন লিটন দাস। যেখানে দুই ফরম্যাট মিলিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ ক্ল্যাসিক ব্যাটার।
এরপর কানাডার গ্লোবাল টি-২০ লিগ ও লংকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন। তার এমন পারফরম্যান্সে কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের। অবশ্য লিটনের অফফর্ম নিয়ে চিন্তিত নন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
.png)
শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘আমার তা মনে হয় না। এই মুহূর্তে তার ফর্ম নিয়ে আমি চিন্তিত নই। কারণ সে কানাডা আর শ্রীলংকায় খেলেছে, সেসব ছিল টি-২০ (এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে)। সে ট্রেনিংয়ে খুবই পরিশ্রম করছে। যদি আপনি তার সাম্প্রতিক সময়ের টুর্নামেন্টগুলো দেখেন, দেখবেন পিচ ওতটা ভালো ছিল না। হাইস্কোরিং ছিল না। বিশেষ করে কানাডাতে, শ্রীলংকাতেও কিছু কিছু ম্যাচে।’
টাইগার কোচ আরো বলেন, ‘তাই লিটন যে রানই করেছে, তা ইমপ্যাক্টফুল ছিল। হ্যাঁ, আমরা চাই সে ভিন্নভাবে খেলুক, এশিয়া কাপ এবং বিশ্বকাপে বড় ভূমিকা রাখুক। আশা করি সে নিজেকে মেলে ধরতে পারবে।’
লিটন ভালো শুরু করছেন। কিন্তু ইনিংস বড় করতে পারছেন না। এটা কি দুশ্চিন্তার কারণ কিনা? হাতুরুর জবাব, ‘সে জানে সে আরো ভালো করতে পারে। আমরাও বিশ্বাস করি, সে এর চেয়ে ভালো করতে সক্ষম। সেটা সে দেখিয়েছে। অবশ্যই গত দুই বছর সে ফর্ম দেখিয়েছে, সে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। তাই আমরা তার কাছ থেকে এমন পারফরম্যান্সই আশা করি।’