সংবাদ সম্মেলনে এশিয়া কাপকে ঘিরে নিজেদের পরিকল্পনা, দলের অবস্থানসহ নানা ইস্যুতে কথা বলেন সাকিব। যেখানে উঠে এসেছে টাইগারদের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইস্যুও।
কোমরের ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। তবে দেড় যুগ আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞ তামিমের গুরুত্ব এখনও ফুরোয়নি। গণমাধ্যমকে সেকথাও জানিয়েছেন সাকিব আল হাসান।
.png)
তামিমের অভিজ্ঞতা দলের জন্য কতটা প্রয়োজন? এমন প্রশ্নের উত্তরে তামিমের নাম না বললেও নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।
শনিবার মিরপুরে সাকিব বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা যখন থাকে। ওগুলো শেয়ার করলে বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়। ’
সিনিয়র তামিম দেশের ক্রিকেটে কিংবদন্তি। জুনিয়র তামিমের ওপর চাপ থাকাটাই স্বাভাবিক। তবে তার কাছ থেকে অধিনায়ক সাকিবের চাওয়া খুব বেশি নয়, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’
নিজেদের প্রস্তুতি নিয়ে টাইগার দলপতি বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’
প্রসঙ্গত, এশিয়া কাপের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে শ্রীলংকার মুখোমুখি হবে। আগামী ৩ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ম্যাচটি গড়াবে পাকিস্তানের লাহোরে।