শ্রীলংকার দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো। তারা জানিয়েছে, শ্রীলংকার কুশাল পেরেরা ও আভিস্কা ফার্নান্দো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এশিয়া কাপের জন্য এখনও নিজেদের দল ঘোষণা করেনি শ্রীলংকা। আসন্ন এই টুর্নামেন্টের দলে গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটার থাকবে কিনা সেটি নির্ভর করছে তারা কত দ্রুত সুস্থ হতে পারবে সেটির ওপর।
.png)
শ্রীলংকা ক্রিকেট দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা বলেন, লংকা প্রিমিয়ার লিগের শেষদিকে এই দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই কেবল তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
এই দুই ক্রিকেটার ছাড়াও দুশমন্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েও বিপাকে রয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ৩১ বছর বয়সী চামিরা কাঁধের চোটে পড়েছেন। ফলে পুরো এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তিনি। সদ্য সমাপ্ত লংকা প্রিমিয়ার লিগে খেলার সময় এই ইনজুরিতে পড়েছেন তিনি।
শ্রীলংকার তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফিটনেস নিয়েও আছে শঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। শ্রীলংকা যদি পরবর্তী রাউন্ডে যেতে পারে এবং হাসারাঙ্গা যদি ম্যাচ খেলার মতো ফিট হন কেবল তবেই আসরে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন তিনি।