গত জুলাইয়ে প্রকাশিত হয়েছিল ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। যেখানে জানা যায়, ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে এই মেগা ইভেন্ট। ১৯ নভেম্বর একই ভেন্যুতে পর্দা নামবে ১৩তম এই আসরের।
বিশ্বকাপের ৪৫ দিন সময় থাকতে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় মাসকট জুটি উন্মোচন করেছে আইসিসি। ছেলে এবং মেয়ে দুইটি মাসকট উন্মোচন করা হয়েছে।
.png)
শনিবার (১৯ আগস্ট) হরিয়ানার গুরুগ্রামে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইসিসি ২০২৩ বিশ্বকাপের মাসকট সামনে আনে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দুই অধিনায়ক যশ ঢুল এবং শেফালি ভার্মা। তাদের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় এই মাসকট। যেখানে পুরুষ ও নারী দুটো মাসকট সামনে আনা হয়েছে।
আইসিসির পক্ষ থেকে এই মাসকটকে বলা হয়েছে ক্রিকটোভার্স। পুরুষ ও নারী মাসকট দেওয়ার অর্থ হচ্ছে লিঙ্গ ভারসাম্য বজায় রাখা। সাম্প্রতিক এবং অতীতে নারী ক্রিকেটের উন্নতিতে অনেক উদ্যোগ নিয়েছে আইসিসি। সেটারই ছাপ এবার বিশ্বকাপের মাসকটে দেখল গোটা বিশ্ব।
তবে এটির নাম জানায়নি আইসিসি। এর বদলে বিশ্বের সমর্থকদের মধ্য থেকে নাম চাওয়া হয়েছে। অর্থাৎ, এবার বিশ্বকাপের মাসকটের নাম দেবে সমর্থকরা। দর্শকদের ভোটে ঠিক করা হবে মাসকটের নাম। সেক্ষেত্রে আগামী ২৭ আগস্টের মধ্যে নিজেদের পছন্দের নাম পাঠাতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আইসিসির ওয়েবসাইট থেকে যে কেউ চাইলে পাঠাতে পারবেন নিজেদের পছন্দের নাম।
এই নতুন মাসকট নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘আমরা এই ম্যাসকট প্রকাশ করতে পেরে আনন্দিত। এই ম্যাসকট প্রকাশ করার কারণ হচ্ছে ক্রিকেটকে বিভিন্ন সীমানার ঊর্ধ্বে নিয়ে যাওয়া। আমরা সব লিঙ্গের মানুষের প্রতিনিধিত্ব করি, সবাইকে সমান মর্যাদা দিই।’
টেটলি আরো বলেছেন, ‘পরবর্তী প্রজন্মের ক্রিকেট অনুরাগীদের সাথে সংযোগ স্থাপনের জন্য আইসিসি এবং ক্রিকেটের অগ্রাধিকারের সাথে মিল রেখে, এই মাসকটগুলো আইসিসি ইভেন্টের বাইরেও খেলাধুলার প্রতি আজীবন ভালবাসা জাগিয়ে, শিশুদের জড়িত এবং বিনোদন দেওয়ার ক্ষমতা রাখে।’
তবে এবার মাসকটে মানুষকেই রাখা হয়েছে। যাকে পরানো হয়েছে রঙিন পোশাক ও চুলের রং রঙিন করা হয়েছে। এর কারণ হিসেবে জানানো হয়েছে, তরুণ সমর্থকদের সঙ্গে যুক্ত হওয়া। অর্থাৎ, নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত হতেই এই মাসকট তৈরি করা।
ম্যাচের সময় এই দুই মাসকট সমর্থকদের সঙ্গে ছবি তুলবে, ডিজিটাল প্ল্যাটফর্মেও মাসকটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সমর্থকরা। ক্রিকটোভার্স হচ্ছে মাল্টিভার্সের একটি অংশ, সেটার সঙ্গে যুক্ত করেই এটিকে তৈরি করা হয়েছে।