আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। এরপর ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের মুখোমুখি হবেন বাবর আজমরা। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ক্রিকেট দলকে নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। সেই উন্মাদনার রেশে বাড়তি মাত্রা যোগ করেছে ম্যাচের অগ্রিম টিকিট।
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি মাঠে গড়াবে ২ সেপ্টেম্বর। বহুল প্রতিক্ষীত ম্যাচকে ঘিরে অগ্রিম টিকিট ছাড়া হয়েছিলো গতকাল বৃহস্পতিবার। তবে পাক-ভারত ম্যাচের টিকিট প্রকাশ পাওয়ার ১ ঘন্টার মাথায় বেশিরভাগ টিকিট শেষ হয়ে যায়।
.png)
মাত্র ৪৫ দিনের ব্যবধানে ৪ বার ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার শুরুটা হবে আসন্ন এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের সূচি কাছাকাছি থাকায় এত কম সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ হচ্ছে ভক্তদের।
বৃহস্পতিবার প্রকাশ করা হয় ভারত-পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টিকিট। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বির ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৩০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার ৮৩০ টাকা), যা ভিভিআইপি হিসেবে বিক্রি হচ্ছে। আর সর্বনিম্ন মূল্য ৩০ মার্কিন ডলার (৩ হাজার ২৮৩ টাকা), যা গ্রাস ইমব্যানকমেন্ট বা স্ট্যান্ডিং টিকিট। এছাড়াও আছে ভিআইপি টিকিট যার মূল্য ১২৫ মার্কিন ডলার (১৩ হাজার ৬৭৯ টাকা)।
এই তিন ধরনের টিকিট ছাড়াও হসপিটালিটি সিট ৫০০ মার্কিন ডলার (৫৪ হাজার ৭১৫ টাকা) নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ২২ সিটের ‘স্পেশাল বক্স’, যার মূল্য নির্ধারিত আছে ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ২২ লাখ টাকা)।