মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন মেসি। এরপর লিগস কাপের মূল্য বেড়েছে কয়েকগুণ। আর সেকারণেই মেসিকে ঘিরে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে দেশটির ক্লাব ফুটবল কর্তৃপক্ষ।
এরই মধ্যে লিগস কাপের ফাইনাল নিশ্চিত করেছে মায়ামি। এতে কনকা (কনকাকাফ) চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি।
.png)
এখন দুই আমেরিকা মহাদেশের ফুটবল কর্মকর্তারা আলোচনা করছেন- উত্তর আমেরিকার লিগ কাপ, কনকা চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ আমেরিকার কোপা লিবারতোদেরেস এবং কোপা সুদামেরিকানা বিজয়ী ক্লাবগুলোকে নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের।
এমনটি জানিয়ে আর্জেন্টিনাভিত্তিক বিখ্যাত স্পোর্টস ওয়েবসাইট টিওয়াইসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘মেসির আগমণে এমএলএসে যে বিপ্লব এবং উন্মাদনা তৈরি হয়েছে, তাতে করে ফুটবল কর্মকর্তারা ভাবছেন বিশ্বসেরা ফুটবলারের উপস্থিতিকে আরো কীভাবে কাজে লাগানো যায়। সে চিন্তা থেকেই নতুন এই টুর্নামেন্টের উদ্ভব হতে যাচ্ছে।’
বিশেষ করে কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিঙ্গেজকে এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা বলা যায়। তবে এই টুর্নামেন্টের যাত্রা শুরু করতে হলে কোপা লিবারতোদেরেসের রেগুলেশন পরিবর্তন করতে হবে। তাতেও যদি নতুন একটি টুর্নামেন্ট তৈরি করা যায় এবং মেসির উপস্থিতিতে তাকে জনপ্রিয় করে তোলা যায়, তাও করতে রাজি কনমেবল সভাপতি।
নতুন টুর্নামেন্ট হলে সেখানে খেলতে পারবে কনকা চাম্পিয়ন মেক্সিকোর লিওঁ, লিগস কাপের চ্যাম্পিয়ন (ইন্টার মায়ামি কিংবা ন্যাশভিলে), কোপা লিবারতোদেরেস এবং কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন, যারা নির্ধারিত হবে আগামী নভেম্বরে।
কনকাকাফ এবং কনমেবল মিলে আগামী জানুয়ারিতেই আয়োজন করতে চায় চারদলের নতুন এই টুর্নামেন্টটি। যদিও টুর্নামেন্টটি এখনও পুরোপুরি ফাইনাল হয়নি। তবে আলোচনা যতদূর এগিয়েছে, তাতে আগামী জানুয়ারিতে নতুন এই টুর্নামেন্ট মাঠে গড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না।