ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এএফসি কাপ

সিলেটে প্লে অফের স্বপ্ন দেখছে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ১৫ আগস্ট ২০২৩
সিলেটে প্লে অফের স্বপ্ন দেখছে আবাহনী
ছবি: সংগৃহীত

এবারের এএফসি কাপ উপলক্ষে ঘরের মাটিতে মালদ্বীপের ক্লাব ইগলসকে আতিথেয়তা দিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। আগামীকাল মাঠে নামছে দুই দল। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টা ১৫ মিনিটে। জয়ের লক্ষ্য নিয়ে এ ম্যাচে মাঠে নামবেন আবাহনীর কোচ মারিও লেমস।

ঘরোয়া মৌসুম শেষে বিরতি দিয়ে বেশ কদিন ঘাম ঝরিয়েছে নাবীব নেওয়াজ জীবন-মোহাম্মদ হৃদয়রা। দলে শক্তি বাড়াতে ১০ বিদেশি রয়েছেন। তবে একাদশে খেলতে পারবেন ৬ জন। নিজেদের মাঠে জয়ের সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না পর্তুগিজ কোচ। 

আজ সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ বলেন, ‘আমরা জয়ের জন্য মাঠে নামতে যাচ্ছি। নিজেদের মাঠে খেলা। তাই সুবিধাটুকু কাজে লাগাতে হবে। এরই মধ্যে টিম কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করেছি। আশা করছি কাল জয় নিয়েই মাঠে ছাড়তে পারবো।’ 

Advertisement

মালদ্বীপ জাতীয় ফুটবল দলের চার ফুটবলার রয়েছে ক্লাব ঈগলসে। বিদেশির সংখ্যায় কম। মোটে পাঁচ জন নিয়ে এসেছে মালদ্বীপের ক্লাবটি। সেটা নিয়েই বাংলাদেশি ক্লাবের বিপক্ষে লড়াই করবে তারা। 

ঈগলসের কোচ মোহাম্মদ শিয়াজ বলেন ‘আমরা একটু আগে এসেছি পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। টার্ফে অনুশীলন করেছি কয়েক দিন। খেলা ঘাসের মাঠে। এতে আশা করি সমস্যা হবে না। পাঁচ বিদেশি নিয়ে লড়াই হবে।’

কালকের ম্যাচে নির্ধারিত সময়ে খেলায় ফল না হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানে ড্র থাকলে টাইব্রেকারে হবে। এ ম্যাচের জয়ী দল খেলবে আগামী ২২ আগস্টের প্লে অফে। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!