শনিবার রোনালদোর জোড়া গোলে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় আল নাসর। ম্যাচের ৭৪ ও ৯৮ মিনিটে গোল দুটি করেন রোনালদো।
এক গোলে পিছিয়ে থাকা আল নাসর ম্যাচের ৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। এরপরই চমক দেখান রোনালদো। ৭৪ মিনিটে দুর্দান্ত গোল করে আল নাসরকে সমতায় ফেরান তিনি। এরপরই আবারও হোঁচট খায় ক্লাবটি। ম্যাচের ৭৮ মিনিটে আরো এক ফুটবলার লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় রোনালদোর আল নাসর।
.png)
৯০ মিনিটে খেলা ১-১ গোলে সমতা থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯ জনের দল নিয়েও সেখানে আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। ম্যাচের ৯৮ মিনিটে তার গোলেই ২-১ গোলে এগিয়ে যায় ক্লাবটি।
দুই ফুটবলারের পর লাল কার্ড দেখেন আল নাসরের কোচও। আর ম্যাচের ১১৪তম মিনিটে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকেই। তবে শেষ পর্যন্ত সব বাধা-বিঘ্ন দূর করে ৪২ বছরের পুরোনো এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মাতে আল নাসর। রিয়াদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও এটি প্রথম ট্রফি।