ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমারসহ যে পাঁচ ফুটবলারকে পিএসজির আর ‘প্রয়োজন’ নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ১০ আগস্ট ২০২৩
নেইমারসহ যে পাঁচ ফুটবলারকে পিএসজির আর ‘প্রয়োজন’ নেই
ফাইল ছবি

নানাভাবে চেষ্টা করেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না প্যারিস সেইন্ট জার্মেইন। গত মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়া ফরাসি ক্লাবটি এবার মৌসুম শুরুর আগেই বেশ সতর্ক। আসন্ন মৌসুমে দলটিতেও আসছে ব্যাপক পরিবর্তন।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি যেমন নেই, তেমনি নতুন মৌসুমে পিএসজির ডাগআউটে দেখা যাবে না গালতিয়েরকেও। নতুন কোচ হিসেবে লুইস এনরিকেকে দায়িত্ব দিয়েছে পিএসজি। তিনি এসেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারসহ পাঁচ ফুটবলারকে সাফ জানিয়ে দিয়েছেন, পিএসজিতে তাদের আর প্রয়োজন নেই। 

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ও কোচ লুইস এনরিকে পিএসজির পাঁচ ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেন। সেখানেই তাদের জানিয়ে দেওয়া হয়, পিএসজিতে তাদের আর প্রয়োজন নেই। এমনকি নতুন ক্লাবও খুঁজতে বলা হয় তাদের।

Advertisement

ক্রীড়া পরিচালক ও কোচের সঙ্গে আলোচনায় বসা সেই পাঁচ ফুটবলার হলেন- নেইমার, মার্কো ভেরাত্তি, হুগো একিতেকে, রেনাতো সানচেস ও হুয়ান বের্নাত। 

মঙ্গলবার (৯ আগস্ট) পিএসজির দলগত অনুশীলনে ছিলেন না নেইমার ও ভেরাত্তি। এমনকি অফিশিয়াল ফটোসেশনেও তাদের রাখেনি ফরাসি ক্লাবটি। নেইমার ও ভেরাত্তি ইনডোরে নিজ নিজ অনুশীলন সেরেছেন। 

এদিকে গুঞ্জন রয়েছে নেইমার বার্সেলোনায় ফিরতে চান। বার্সা তাকে কিনতে আগ্রহী কি না এবং কত টাকা বেতন দিতে পারবে সে প্রশ্নও থেকে যায়। তাছাড়া নেইমারকে কেনার ব্যাপারে আগ্রহ রয়েছে চেলসিরও। চেলসির ক্ষেত্রে শুধু নেইমারের উচ্চ অঙ্কের বেতন নিয়ে জটিলতা হতে পারে।

বার্সেলোনা, চেলসি ছাড়াও আলোচনায় রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদি প্রো লিগের এই ক্লাব নেইমারকে বড় অঙ্কের বেতনেই দলে ভেড়াতে চায়। শেষ পর্যন্ত নেইমার যদি পিএসজি অধ্যায়ের ইতি টানে সেক্ষেত্রে তারকা এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোন ক্লাব সেটি জানার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!