ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩

সেই ফ্রান্সেই বিদায় ঘণ্টা বাজল মরক্কোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৪, ৯ আগস্ট ২০২৩
সেই ফ্রান্সেই বিদায় ঘণ্টা বাজল মরক্কোর
ছবি- সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠে মরক্কো। তবে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ফ্রান্স। বিশ্ব মঞ্চে তুমুল লড়াইয়ে আফ্রিকার দেশটিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল প্যারিসিয়ানরা। ফলে বিশ্বকাপ যাত্রা সেখানেই শেষ হয় দ্য আটলাস লায়ন্সদের।

এবার নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল মরক্কোর মেয়েরা। আর তাতেই ইতিহাস গড়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নেয় তারা। তবে ফ্রান্সের মেয়েদের কাছে ৪-০ ব্যবধানে হেরে গেছেন হাকিমি-জিয়েখদের দেশের মেয়েরা।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার হিন্ডমার্শ স্টেডিয়ামে শোধ তো দূরের কথা, ফ্রান্সের বিপক্ষে লড়াই জমানোর মতো প্রতিযোগিতাও করতে পারেনি মরক্কো। ম্যাচের বয়স আধা ঘণ্টা হওয়ার আগেই শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

Advertisement

ম্যাচে ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে বসে। ফ্রান্সের হয়ে ১৪ মিনিটে গোল উৎসব শুরু করেন কাদিদিয়াতু দিয়ানি। তার গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল হজম করে মরক্কো। 

ফ্রান্সকে ২০ মিনিটে ২–০ ব্যবধানে এগিয়ে দেওয়ার গোলটি করেন কেনজা দালি। পিছিয়ে পড়ে কোথায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে মরক্কোর মেয়েরা, তা না করে উল্টো নিজেদের ভুলে তৃতীয় গোল হজম করে বসে।

নিজেদের বক্স থেকে মরক্কোর ডিফেন্ডার নেসরিন এল চাদ ক্লিয়ার করার সময় ফাঁকায় দাঁড়ানো ফ্রান্স ফরোয়ার্ড ইউজিনি লে সোমের বল পেয়ে যান। হাত ছোঁয়া দূরত্বে ২৩ মিনিটে বল পেয়ে গোল করতে ভুল করেননি এই ফরোয়ার্ড। এরপর আর কোনো গোল না হলে ৩–০ ব্যবধানে বিরতিতে যায় ফ্রান্স। 

বিরতির পর দলের শেষ গোলটিও করেন ইউজিনি। ৭০ মিনিটে ডান দিক থেকে বদলি নামা ভিকি বেচোর ক্রসে দ্বিতীয় গোলটি করেন তিনি। সতীর্থর মাপা ক্রসে হেডে গোল করেন তিনি। পরে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি মরক্কো। এতে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়ে শেষ ষোলোয় ইতিহাস লেখা থেমে গেল তাদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!