ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৈরী আবহাওয়ায় যেভাবে পদ্মাসেতুতে বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ৭ আগস্ট ২০২৩
বৈরী আবহাওয়ায় যেভাবে পদ্মাসেতুতে বিশ্বকাপ ট্রফি
ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে সময় বাকি দুই মাসেরও কম। এদিকে টুর্নামেন্ট শুরুর আগে উত্তেজনা বাড়াতে বিশ্ব ভ্রমণ করছে বিশ্বকাপ ট্রফি। যে ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছে ওডিআই বিশ্বকাপের শিরোপা।

এবারের আসরের স্বাগতিক দেশ ভারত। বিশ্বকাপ ট্রফি যাত্রা শুরু করে স্বাগতিক দেশ থেকেই। এরপর বাংলাদেশে আসার আগে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলংকা ঘুরে এসেছে বিশ্বকাপের ট্রফি।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কথা ছিল ফটোসেশনের জন্য ট্রফিটি হেলিকপ্টারে করে পদ্মাসেতুতে নেয়া হবে। কিন্তু বৈরী আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। ফলে আইসিসি বিশ্বকাপ ট্রফিটি পদ্মাসেতুতে নেয়া হয়েছে সড়ক পথে।

Advertisement

বিসিবির দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (৭ আগস্ট) অফিশিয়াল ফটোশ্যুট হবে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে। সেখান থেকে ফিরে হোটেলে রাখা হবে ট্রফিটি।

পরদিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে।

শেষ দিন বুধবার (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। এ জন্য কোনো টিকিট লাগবে না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!