ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাট হাতে লিটন ব্যর্থ, তবুও সারের বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ৩ আগস্ট ২০২৩
ব্যাট হাতে লিটন ব্যর্থ, তবুও সারের বড় জয়
লিটন দাস

আগের ম্যাচেই ফিফটি করে দলকে জিতিয়েছিলেন। তবে এবার আর ছন্দ ধরে রাখতে পারলেন না লিটন কুমার দাস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই অঙ্ক ছুঁয়েই আউট হয়েছেন তিনি। যদিও সহজেই জয় পেয়েছে তার দল সারে জাগুয়ার্স।

কানাডার গ্লোবাল টি-২০তে বুধবার ১৩ বলে ২টি চারে ১০ রান করেন লিটন। মিসিসসাগা প্যান্থার্সের বিপক্ষে তার দল জাগুয়ার্স জিতে ৮ উইকেটে। ব্রামটনে এদিন বোলারদের নৈপুণ্যে মিসিসসাগাকে ১৪.৩ ওভারে স্রেফ ৫৬ রানে গুটিয়ে দেয় লিটনের দল।

এদিন ৪ ওভারে ৬ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার ছিলেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানে। এছাড়া ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ড ৮ রানে নেন ২ উইকেট। পাকিস্তানের ইফতিখার আহমেদও অফ স্পিনে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন।

Advertisement

মিসিসসাগার কেবল দুজন যেতে পারেন দুই অঙ্কে। সর্বোচ্চ ইনিংস ১৭। শূন্য রানে ফেরেন চার জন। রান তাড়ায় দ্বিতীয় ওভারে জাতিন্দার সিংকে হারায় সারে। এরপরই উইকেটে যান লিটন। প্রথম বলে সিঙ্গেল নিয়ে খোলেন রানের খাতা।

চতুর্থ ওভারে পাকিস্তানের লেগ স্পিনার উসমান কাদিরের প্রথম তিন বল ডট খেলার পর লিটন চার মারেন রিভার্স সুইপ করে। পরের ওভারে কানাডার মিডিয়াম পেসার সিসিল পারভেজকে ফ্লিক করে লেগ সাইড দিয়ে চার মারেন জাতীয় দলের ওপেনার।

একই ওভারে ক্যাচ দিয়ে শেষ হয় লিটনের ইনিংস। অফ স্টাম্পের বল লেগ সাইডে খেলার চেষ্টায় বল আকাশে তোলেন তিনি। সহজ ক্যাচ মুঠোয় জমান শোয়েব মালিক। আগের ম্যাচে ব্রামটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন লিটন।

টুর্নামেন্টে এর আগে তিন ম্যাচে লিটনের রান ছিল ৩০ বলে ২৫, ২০ বলে ২১ ও ১১ বলে ৯। তার বিদায়ের পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই পাকিস্তানি মোহাম্মদ হারিস ও ইফতিখার। ৬৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সারে।

সাত ম্যাচে চার জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রাথমিক পর্ব শেষ করেছে সারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!