সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাবগুলো ৩৫ জন ফুটবলার নিবন্ধন করাতে পারতো। খেলোয়াড় কল্যাণ সমিতি সম্প্রতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে কিছু দাবি-দাওয়া করেছিল। সেই দাবি-দাওয়ার প্রেক্ষিতে রেজিষ্ট্রেশন সংখ্যা ৩৫ এর পরিবর্তে ৩৬ করা হয়েছে।
এদিকে ঘরোয়া ফুটবলে দাপুট বিস্তার করে বিদেশি ফুটবলাররা৷ সমাপ্ত মৌসুমে পাঁচ জন বিদেশি ফুটবলার রেজিষ্ট্রেশন করতে পারলেও সেটির সংখ্যা বাড়িয়ে ছয়ে করেছে বাফুফে। এর মধ্যে চারজনকে মাঠে খেলাতে পারবে ক্লাবগুলো। মূলত এএফসি কাপে বিদেশি ফুটবলাদের সংখ্যা বাড়ায় সে পথে হাটছে বাফুফে।
.png)
আজ বিদেশি কোটা ও খেলা সংক্রান্ত বিষয়ে লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া মানিক বলেন, ‘ছয় জন রেজিষ্ট্রেশন এবং চার জন মাঠে খেলতে পারবে। চারজন একাদশে থাকলে এর পরিবর্তে আর কাউকে নামানো যাবে না। ছয় জনের মধ্যে একজন এশিয়ান কোটা।'
আগামী ২৭ অক্টোবর শুরু হবে স্বাধীনতা কাপ। যা দিয়ে শুরু হবে আসন্ন মৌসুম। স্বাধীনতা কাপে দলসংখ্যা নিয়ে মানিক আরো বলেন, ‘১৪ দল নিয়ে হবে স্বাধীনতা কাপ। বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলোকে খেলার আমন্ত্রণ জানানো হবে। বাছাই খেলে তারা খেলার সুযোগ পাবে।' সমাপ্ত মৌসুমের মতো শুক্রবার - শনিবার লিগ আর মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা। টুর্নামেন্টের ক্ষেত্রে বসুন্ধরা কিংসের ভেন্যু এবার যোগ হচ্ছে।