আর তাতে একটা রেকর্ডেও ভাগ বসিয়েছেন ব্রড। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ারের শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ওভালে শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ এ পেসার ওয়ানডে ছেড়েছিলেন ২০১৬ সালে, টি-২০ আরো আগে ২০১৪ সালে। মূলত টেস্ট ক্যারিয়ার লম্বা করার জন্যই সীমিত ওভারের ক্রিকেট আগেভাগে ছেড়েছিলেন তিনি। এর ফলও পেয়েছেন হাতেনাতে।
.png)
ইতিহাসের দ্বিতীয় পেস বোলার হিসেবে ৬০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন ব্রড। একজন পেসারের জন্য ১৬৭ টেস্ট খেলাও কম কথা নয়। সেই ব্রড পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সংবাদ সম্মেলনে স্মরণ করেছেন যুবরাজ সিংয়ের কাছে ছয় ছক্কা খাওয়ার ঘটনাটি।
ছয় ছক্কার ওই ওভারটি নাকি তার ক্যারিয়ারের পতিপথ পাল্টে দিয়েছিল। তিনি বলেন, ‘সত্যিই সেই দিনটা খুব কঠিন ছিল। তখন কতোইবা আমার বয়স– ২১ কিংবা ২২, অনেক কিছু শিখেছিলাম। মানসিক একটা ধাক্কার মধ্য দিয়ে যেতে হয়েছিল আমাকে।’
তিনি আরো বলেন, ‘আমি সেদিন বুঝতে পেরেছিলাম, আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ জেতাতে হলে অনেক পথ পাড়ি দিতে হতে আমাকে। এর পরই নিজের প্রস্তুতি বাড়িয়ে দিয়েছিলাম। আগে আমার ফোকাস ছিল না। ম্যাচের পূর্বে বোলিং করতাম না। ওই ম্যাচের পর সব বদলে ফেলি। আজ আমি যেখানে, তা ওই ম্যাচের জন্যই।’