ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এসএসসিতে মারুফার বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫০, ২৮ জুলাই ২০২৩
এসএসসিতে মারুফার বাজিমাত
ছবি- সংগৃহীত

কদিন আগেই মিরপুরে বল হাতে ঝড় তুলে ভারতকে গুঁড়িয়ে দিয়েছেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার আনন্দের খবর দিয়েছেন এ উঠতি তারকা।

শুক্রবার (২৯ জুলাই) সারাদেশে প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। যেখানে ৪.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন মারুফা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মারুফা। বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে মারুফা বলেন, সবার দোয়ায় আমি এই রেজাল্ট করেছি। সবাই দোয়া করবেন খেলাধুলার সাথে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি। 

Advertisement

মেয়ের জন্য দোয়া চেয়ে মারুফার বাবা মোহাম্মদ আইমুল্লাহ বলেন, ‘আমার মেয়ে খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন আগামী দিনেও সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে।’

প্রসঙ্গত, মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার পাড়ায়। অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান মারুফা। সম্প্রতি শেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজেও তার বলের তোপ দেখেছে সফরকারী ব্যাটাররা।

চলতি জুলাইয়ের মাঝামাঝি ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেট শিকার করে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখেন মারুফা। তাই তো ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্দানার কণ্ঠেও মারুফাকে নিয়ে স্তুতি। এমনকি মারুফার মোক্ষম প্রতিভা তাদের দলকেও অনুপ্রেরণা দিচ্ছে বলে জানান মান্দানা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!