এবার মেসির অভিষেক ম্যাচের গোলটি স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছিল জনপ্রিয় চিপস প্রস্ততকারী প্রতিষ্ঠান লেইস। মেসির ৮০৮তম গোলকে সম্মান জানাতে সমান সংখ্যক ছাগল দিয়ে মেসির মুখের প্রতিচ্ছবি বানিয়েছে সংস্থাটি। অর্থাৎ, ৮০৮টি জীবিত ছাগলকে দিয়ে মেসির মুখ বানানো হয়েছে। সেই ভিডিও শেয়ার করার পর তা ইতোমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
মেসিকে সম্মান জানাতে অনেক ব্যক্তি ও সংস্থা একাধিক উদ্যোগ নিলেও ছাগল দিয়ে এই ধরনের কর্মকাণ্ড আগে কেউ করেনি। ছাগলকে দিয়ে মেসির মুখ বানানো হয়েছে কারণ মেসিকে তারা সর্বকালের সেরা হিসেবে মনে করে। আর এক্ষেত্রে ‘গোট’কে সম্মান জানাতে ছাগলের থেকে আদর্শ কিছু হতে পারে না।
.png)
যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামির হয়ে অভিষেকে পুরো সময় খেলেননি মেসি। ম্যাচের ৫৪ মিনিটের সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। এরপর ম্যাচের ৯৪ মিনিটের সময় একটি ফ্রি কিক পায় মিয়ামি। পরে বাঁ পায়ের শটে তিনি গোলরক্ষকের ডানদিক দিয়ে বল জালে জড়ান। বলতে গেলে একক দক্ষতায় গোল করে তিনি দলকে জেতান। তার ওপর ভর করে এবার বাকি ম্যাচগুলোও জিততে চাইছে মিয়ামিও।
এদিকে ইন্টার মিয়ামির হয়ে মেসির অভিষেক স্মরণীয় করে রাখতে অনেক তারকারা হাজির ছিলেন স্টেডিয়ামে। মেসির গোলের পর ডেভিড বেকহ্যামকে অশ্রুসিক্ত হতেও দেখা যায়।
ম্যাচের পর বেকহ্যাম বলেন, এই ধরনের ম্যাচ দেখা সত্যিই দারুণ। সাবেক খেলোয়াড় হিসেবে আপনার হতাশ হওয়া স্বাভাবিক। কিন্তু আজ মানুষের আনন্দ করার দিন। এই দিনটার কথা কল্পনা করেই তো আমি, হোর্হে (মেসির বাবা) এবং জোসে (মাস, ইন্টার মিয়ামির আর এক মালিক) মেসিকে এখানে এনেছি।
এদিন দলকে জিতিয়ে মেসি বলেন, ‘আমি জানতাম যে, গোল আমাকে করতেই হবে। খেলার একদম শেষ পর্যায় ছিল ওটা। গোল করতে চেয়েছিলাম যাতে খেলা পেনাল্টিতে না গড়ায়। এই জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস দেবে এই জয়।’