ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডে করা তামিমের সেই রেকর্ডটি ভাঙলেন ক্রলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১০, ২১ জুলাই ২০২৩
ইংল্যান্ডে করা তামিমের সেই রেকর্ডটি ভাঙলেন ক্রলি
জ্যাক ক্রলি

চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে লড়ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যেখানে অজিদের করা ৩১৭ রানের জবাবে শুরু থেকেই ‘বাজবল’ ঘরানার ক্রিকেট খেলছে ইংলিশরা। দ্বিতীয় দিন অনবদ্য এক রেকর্ড গড়েছেন দলটির ওপেনার জ্যাক ক্রলি। ভেঙেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের রেকর্ড।

সাদা পোশাকেও একশ স্ট্রাইকরেটের ওপরে ব্যাট করেছেন ক্রলি। যার ফলে মাত্র ৯৩ বলেই নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ডান-হাতি ব্যাটার। শেষ পর্যন্ত তার এই ঝড়ো ব্যাটিং থেমেছে ১৮৯ রানে। যার ওপর ভর করে অজিদের রান টপকে ইংলিশরা প্রথম ইনিংসে লিড বাড়াচ্ছে।

ওল্ড ট্রাফোর্ডে খেলতে নেমে মর্যাদাপূর্ণ ভেন্যুটিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন ক্রলি। তার আগে ১৯৮১ অ্যাশেজে মাত্র ৮৬ বলে ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন ইংলিশ কিংবদন্তি  স্যার ইয়ান বোথাম। যা ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।

Advertisement

বোথামের কীর্তি টপকাতে না পারলেও, টাইগার ওপেনার তামিম ইকবাল এবং অস্ট্রেলিয়ান ভিক্টর ট্রাম্পারকে ছাড়িয়ে গেছেন ক্রলি। ২০১০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। এই মাঠে টেস্টে তা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।

তালিকায় তামিমের আগের অবস্থানে আছেন ভিক্টর ট্রাম্পার। ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৯৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!