ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ২০ জুলাই ২০২৩
জয় দিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু
ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে পর্দা উঠেছে নারী ফুটবল বিশ্বকাপের। এ আসরের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিক হোয়াইট ফার্নরা।

বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেন পার্কে নারী ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-নরওয়ে। যেখানে নরওয়েজিয়ানদের ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। 

এই জয়টি নিউজিল্যান্ডের কাছে বিশেষ। কেননা বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের প্রথম জয়। এর আগে পাঁচটি বিশ্বকাপ খেললেও কখনো জয়ের স্বাদ পায়নি এবারের বিশ্বকাপ আয়োজক দেশটি।

এদিকে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিউজিল্যান্ডে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। অকল্যান্ডে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। তবে সেই ঘটনা বিশ্বকাপে কোনো প্রভাব ফেলতে পারেনি। পরিকল্পনা মাফিকই অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয় বিশ্বকাপ। তবে নিহতদের সম্মানে ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

শক্তিমত্তার বিচারে উদ্বোধনী ম্যাচে ফেভারিট ছিল নরওয়ে। র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ১৫ ধাপ। কিন্তু শতচেষ্টা করেও আজ অঘটন এড়াতে পারেনি ১৯৯৫ এর বিশ্বচ্যাম্পিয়নরা। ৪২ হাজার ১৩৭ জন দর্শকের সামনে তাদের ছেড়ে কথা বলেনি নিউজিল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে জ্যাকি হ্যান্ডের ক্রসে পা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন হান্নাহ উইলকিনসন। এরপর আবারো আক্রমণ শানাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল। কিন্তু পেনাল্টি মিস করে বসেন রিয়া পারসিভাল। তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি  স্বাগতিকদের। নরওয়েকে ৯০ মিনিট (ইনজুরি টাইমসহ) আটকে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!