ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বন্ধুকে হারিয়ে সেমিফাইনালে আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪০, ১৩ জুলাই ২০২৩
বন্ধুকে হারিয়ে সেমিফাইনালে আলকারাজ
কার্লোস আলকারাজ

ঘনিষ্ঠ বন্ধু হোলগার রুনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচটি কিছুটা অস্বস্তির ছিল। তবে কোর্টে নেমে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবেই খেলেছেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ।

বুধবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ড্যানিশ বন্ধু হোলগারকে ৭-৬ (৭/৩), ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন আলকারাজ। 

স্প্যানিশ নাম্বার ওয়ান আলকারাজ শেষ চারে খেলবেন দানিল মেদভেদেভের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে মাত্র একটি ব্রেক পয়েন্টে মোকাবেলা করেছেন আলকারাজ, যাতে তিনি পরাজিত হয়েছেন। পুরো ম্যাচে ৩৫টি উইনিং শটের বিপরীতে ১৩টি আনফোর্সড এরর করেছেন তিনি। 

Advertisement

ম্যাচ শেষে আলকারাজ বলেছেন, ‘সত্যি কথা বলতে বিষয়টা আমার জন্য অসাধারণ। যখন থেকে টেনিস খেলা শুরু করেছি তখন থেকে এই স্বপ্ন দেখে আসছি।’

ইউএস ওপেন বিজয়ী আলকারাজ এনিয়ে ঘাসের কোর্টে টানা ১০ ম্যাচে জয়ী হয়েছেন। ২০ বছর বয়সী আরেক তরুণের বিরুদ্ধে জয়ী হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলকারাজ।

স্প্যানিশ এই তরুণ বলেছেন, ’এই মুহূর্তে দারুণ টেনিস খেলছি। এ ধরনের কোর্টে এতটা ভাল খেলবো প্রত্যাশা করিনি। আমার জন্য বিষয়টা সত্যিই আনন্দের।’

ম্যাচের শুরুটা কঠিন ছিল বলে স্বীকার করেছেন আলকারাজ। বিশেষ করে নেটের অপর পাশে রুনের মত খেলোয়াড় থাকলে ম্যাচের গতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

আলকারাজ বলেন, ‘কোয়ার্টার ফাইনালে খেলতে আসলে সেখানে বন্ধু বলে কিছু থাকে না। নিজের ম্যাচের ওপর গুরুত্ব দিতে হয়। আমি মনে করি আজ আমি সবদিক থেকেই এগিয়ে ছিলাম।’

২০০৭ সালে জকোভিচের পরে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের সেমিফাইনাল নিশ্চিত করলেন আলকারাজ। কিন্তু তৃতীয় বাছাই মেদভেদেভের বিরুদ্ধে শেষ চারে তাকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে, তা সহজেই অনুমেয়।

রাশিয়ান এই অভিজ্ঞ তারকা শেষ আটে অবাছাই মার্কিন খেলোয়াড় ক্রিস্টোফার ইউবাংকসকে ৬-৪, ১-৬, ৪-৬, ৭-৬ (৭/৪), ৬-১ গেমে পরাজিত করেছেন।

আগের রাউন্ডে পঞ্চম বাছাই স্টিফানোস টিসিতপাসকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিরেন ইউবাংকস। অভিষেকে তৃতীয় খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে খেলার হাতছানি ছিল তার সামনে। কিন্তু ২৭ বছর বয়সী মেদভেদেভ কোন ধরনের অঘটন ঘটতে দেননি।

সেমিফাইনালে আলকারাজের শক্তিমত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে মেদভেদেভ বলেছেন, ‘তাকে যদি একটি সহজ শট খেলতে দেয়া হয় তবে সমস্যায় পড়তে হবে। এসব ম্যাচে জিতলে সামনে অনেক বড় সুযোগ থাকে।’

তিনি আরো বলেন, ‘নোভাক জকোভিচ কিংবা রাফায়েল নাদালের মত খেলোয়াড়দের বিরুদ্ধে জেতার যে অনুভূতি তা অনেক সময় প্রকাশ করা যায় না। কিন্তু আলকারাজ ভিন্ন ধরনের খেলোয়াড়, তাকে অনেক সময় যাচাই করা যায় না।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!