জার্মানি ফুটবলের বেহাল দশার জন্য ক্লাব ইতিহাসের কিংবদন্তি কোচ পেপ গার্দিওলাকে দায়ী করেছেন দলটির সাবেক মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার। তার মতে, ‘জার্মানি তাদের নিজস্ব ফুটবল খেলতে ভুলে গিয়েছে। এর জন্য দায়ী গার্দিওলা।’
২০১৪ সালে জার্মান জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন জোয়াকিম লো। তাহলে পেপ গার্দিওলার নাম কেন আসছে? মূলত ওই সময় বায়ার্ন মিউনিখের দায়িত্ব কাঁধে উঠেছিল পেপের। যেখানে জার্মানি জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু গার্দিওলার ট্যাকটিক্সের কারণে নাকি নিজেদের খেলা ভুলে গেছেন তারা।
.png)
সম্প্রতি এক সাক্ষাৎকারে জার্মানির সাবেক মিডফিল্ডার শোয়েনস্টেইগার বলেন, ‘পেপ গার্দিওলা যখন (বায়ার্ন মিউনিখের) দায়িত্ব নিয়ে এই দেশে আসেন, তখন সবাই বিষয়টা বুঝতে পেরেছিল। সবাই বুঝে গিয়েছিল, আমাদেরকেও এখন ছোট ছোট পাসে ফুটবল খেলতে হবে। এর ফলে যা হলো, আমরা নিজেদের স্বকীয়তাটাই হারিয়ে ফেললাম।’
বিশ্বকাপ জেতা এই ফুটবলারের মতে, ‘আমার মনে হয়, বেশির ভাগ দেশ জার্মানিকে দেখে লড়াকু হিসেবে। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পারি। কিন্তু গত সাত–আট বছরে আমরা নিজেদের সেই শক্তি হারিয়ে ফেলেছি। আমরা সব ভুলে গেলাম এবং নিজেদের মধ্যে সুন্দরভাবে বল দেওয়া–নেওয়ায় মনোযোগী হয়ে পড়লাম। এটা একটা কারণ।’
যদিও শেষবার জার্মানির বিশ্বকাপ জয়ের সময় বায়ার্নের দায়িত্বে ছিলেন এই গার্দিওলাই। মাত্র তিন বছরের জন্য দায়িত্ব পেলেও তিনিই জার্মান ফুটবলকে বদলে দিয়েছেন এমন অভিযোগ অনেক সাবেক ফুটবলারের।
অবশ্য গার্দিওলা বাভারিয়ানদের হয়ে ঠিকই সাফল্য পেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও তিন বছরে সাত শিরোপা এনে দিয়েছিলেন বায়ার্নকে। এরপরই পাড়ি জমান ইংল্যান্ডে। ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা।