ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ চ্যাম্পিয়নশিপ

১৮ বছর পর ফাইনালে ওঠার লক্ষ্যে কাল নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৮, ৩০ জুন ২০২৩
১৮ বছর পর ফাইনালে ওঠার লক্ষ্যে কাল নামছে বাংলাদেশ
ফাইল ছবি

দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৩টায়।

একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরেক সেমিফাইনালে লড়বে স্বাগতিক ভারত ও লেবানন।

২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত সে আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলো লাল-সবুজরা। এরপর সাতটি আসরের কোনটিতেই ফাইনালে উঠতে পারেনি ২০০৩ সালের চ্যাম্পিয়নরা।

Advertisement

এবারের আসরের ‘বি’ গ্রুপে লেবাননের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু করে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে আর তৃতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর শেষ চারের টিকিট পায় জামাল-তপুরা।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে উঠে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লেবানন। ‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয়েছে স্বাগতিক ভারত।

এখন পর্যন্ত দু’বার কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’বারই হেরেছে বাংলাদেশ। ১৯৭৩ সালে সর্বপ্রথম মারদেকা কাপে কুয়েতের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। এরপর ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে কুয়েতের কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ।

দীর্ঘ ৩৭ বছর পর আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও কুয়েতের। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে কুয়েতের চেয়ে ৫১ ধাপ পিছিয়ে বাংলাদেশ। ১৯২তম স্থানে আছে লাল-সবুজ জার্সিধারীরা। কুয়েত আছে ১৪১তম স্থানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!