ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ২৫ জুন ২০২৩
‘বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের’
ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। এরই মধ্যে নানা ধরনের ছক কষতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। এবার ভারত বিশ্বকাপে টাইগারদের নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী দলের হেড কোচ হাসান তিলকরত্নে।

রোববার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নারী দলের বিশেষ স্পিন ক্যাম্প। আজ দ্বিতীয় দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিলকরত্নে।

এ সময় ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই! হ্যাঁ! আপনি যদি নামগুলো দেখেন, শিরোপার দাবিদার দলগুলোর মধ্যে একটি। পুরো পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জেতার জন্য তাদের দলে সব ধরনের উপকরণ আছে। তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং একসঙ্গে থেকে একে অপরকে সাহায্য করতে হবে। আমি নিশ্চিত, এই দলের বিশ্বকাপ জেতার সব উপকরণ আছে।’ 

Advertisement

তিনি বলেন, ‘ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে কেউ আশা করেনি আমরা জিতব। তবে যাই হোক, এখানে বিষয়টা হলো নির্দিষ্ট দিনে সেরা ক্রিকেটটা খেলা। আমি যেমনটা বললাম, এই দলটি (বাংলাদেশ) খুব ভালো। তরুণ ও অভিজ্ঞ মিলে ভালো দল। তারা যদি কন্ডিশন বুঝতে পেরে একসঙ্গে খেলতে পারে, (বিশ্বকাপ) জেতার ভালো সুযোগ রয়েছে।’ 

এ সময় নারীদের আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন তিলকরত্নে। সামনে ব্যস্ত সূচি মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা মাত্রই আমাদের অনুশীলন শুরু করেছি। কয়েকজনের ব্যক্তিগত সেশন চলছে। এছাড়া স্পিনারদের নিয়ে একটি ক্যাম্প করছেন স্পিন কোচ। ভারত সিরিজের ক্যাম্প শুরু করব ১ জুলাই।’

টাইগ্রেস কোচ বলেন, ‘আমার মতে, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে একটি শক্তিশালী দল রয়েছে আমাদের। প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের সামনে ব্যস্ত সূচি রয়েছে। ভারত আসছে, এশিয়ান গেমস আছে, পাকিস্তান আসবে। এসব কঠিন চ্যালেঞ্জে প্রক্রিয়া ঠিক রেখে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, মেয়েদের ঠিকভাবে আগলে রাখলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!