ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আল হিলালে যোগ দেবেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ২৫ জুন ২০২৩
আল হিলালে যোগ দেবেন নেইমার!
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জন্য টাকার বস্তা নিয়ে প্রস্তুত ছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। তবে দলটিকে হতাশ করে আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। এরপরই মেসির সদ্য সাবেক হওয়া সতীর্থ নেইমারের দিকে নজর দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।

কাতার ও সৌদি আরবের বরাত দিয়ে মার্কিন ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, আগামী সপ্তাহে আল হিলালের সঙ্গে চুক্তি করবে নেইমার। 

শনিবার ফোর্বস এক প্রতিবেদনে লিখেছে, আল-হিলাল এমন একজন তারকার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, যা ‘টক অব দ্য ওয়ার্ল্ডে’ পরিণত হবে। এদিকে সৌদি আরবের বিখ্যাত সাংবাদিক আহমেদ আল আজলানও এমনটা মনে করছেন। যা নিয়ে টুইটারে একটি পোস্টও দিয়েছেন তিনি। 

Advertisement

শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি-১-এর এক অনুষ্ঠানে আজলান বলেন, তার কাছে তথ্য আছে আল হিলাল আগামী সপ্তাহে এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করাতে যাচ্ছে, যা বিশ্বকে নাড়িয়ে দেবে। সেটি এই মৌসুমের সেরা ঘটনা হবে।

সেই সঙ্গে আজলান বলেন, ওই খেলোয়াড়ের দেশের নাম বললেই সবাই চিনে যাবে। এছাড়া, কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর জানান। তিনি টুইটে জানিয়েছেন, আল হিলাল যাকে সই করাতে যাচ্ছে, তার প্রতি আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা।

ওয়ালিদ ও আজলানের টুইট ও টক শোর মন্তব্য নিয়েই  প্রতিবেদন প্রকাশ করে ফোর্বস। যেখানে নাম না প্রকাশ করা খেলোয়াড়টি ব্রাজিল তারকা নেইমার বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

সৌদি আরবের ক্লাব পরিকল্পনা নিয়ে আজলানের বরাত দিয়ে ফোর্বস জানায়, সৌদি আরবের সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল-নাসর, আল-হিলাল, আল-ইত্তিহাদ ও আল-আহলির দায়িত্ব নিয়েছে। যেখানে প্রতি ক্লাবে তিনজন জনপ্রিয় খেলোয়াড়কে ভেড়ানোর কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!