মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টার একটু পর অনুশীলনের জন্য প্রবেশ করেন নারী ক্রিকেটাররা। এ সময় তাদের সঙ্গে ছিলেন লিড ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ইয়ান ডুরান্ট। সালমা খাতুন-ফাহিমা সহ পাঁচজন ক্রিকেটার অনুশীলন শুরু করেন।
অবশ্য নির্বিঘ্নে অনুশীলন করতে পারেননি নারী ক্রিকেটাররা। কিছুক্ষণ না যেতেই নামে বৃষ্টি। প্রথম ধাপের বৃষ্টিতে অবশ্য রানিং চালু রাখেন তারা। তবে একটু থেমে এরপর জোরে বৃষ্টি এলে বাধ্য হয়েই ড্রেসিং রুমের পাশে ছাউনিতে আশ্রয় নেন তারা।
.png)
এ সময় ইনডোরে অনুশীলন শেষে ফিরছিলেন মুশফিক। ড্রেসিং রুমে ঢোকার আগে নারী ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। বৃষ্টি থামলে ফের রানিং অনুশীলন শুরু করেন নারী ক্রিকেটাররা। তবে আবারো বৃষ্টি নামলে আর অনুশীলন করতে পারেননি তারা।
শেষ পর্যন্ত অল্প সময়ের অনুশীলনেই দিন শেষ করেন নারী ক্রিকেটাররা। উল্লেখ্য, আগামী ৯ জুলাই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ১৬ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।