বৃহস্পতিবার (২২ জুন) নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন। দলটির বিপক্ষে বিকেল ৪টায় মাঠে নামবে জামাল-জিকোরা।
এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, দলটির বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করলেও খুশি হবেন তিনি।
.png)
জামাল বলেন, ‘সাফের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ভালো প্র্যাকটিস করেছি। আজ ফাইনাল পরীক্ষা। এ পরীক্ষায় আমরা পাশ করতে চাই। প্রথম কথা হলো আমরা জিততে চাই। তবে এক পয়েন্ট পেলেও খুশি হবো। কারণ প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক এগিয়ে। তাই ড্র করলেও খুশি।’
মাঠের পারফরম্যান্সে সবদিক থেকে লেবানন এগিয়ে থাকলেও দলের ফুটবলারদের ক্লান্তিতে থাকার সুযোগটুকু কাজে লাগাতে চায় বাংলাদেশ। শেষ ১২ দিনে ৪টি ম্যাচ খেলেছে লেবানন। যে কারণে ফুটবলাররা কিছুটা ক্লান্ত। বাংলাদেশ অধিনায়ক সেই সুযোগটাই কাজে লাগাতে চান।
জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা জানি লেবানন শেষ ১২ দিনে চারটি ম্যাচ খেলেছে। এটা সহজ কথা নয়। তাই ওরা একটু ক্লান্ত আছে। ওখানে আমাদের একটা সুবিধা আছে। সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’
বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ে কাবরেরা বলেন , ‘আমরা কথা দিচ্ছি, মাঠে শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। যদিও শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী, পূর্ণ পয়েন্টের লক্ষ্যেই মাঠে যাবো। তবে সেটি যদি সম্ভব না হয় তাহলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’