সবশেষ ২০২১ সালের এপ্রিলে শ্রীলংকার মাটিতে অনবদ্য সেঞ্চুরি হাঁকান মুমিনুল। এরপর সেঞ্চুরি তো দূরে থাক, একের পর এক ম্যাচে রান খড়ায় ভুগছিলেন তিনি। অবশেষে ঘরের মাঠ মিরপুরে শতকের দেখা পেলেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।
তবে রান না পাওয়ার প্রশ্নে একমত নন মুমিনুল। তিনি বলেন, ‘রান হচ্ছে না, আপনারা যদি শেষ চার ইনিংস দেখেন, রান অত খারাপ না। মানে আপনারা হয়তো প্রতি ম্যাচে ২০০ আশা করেন, এজন্য আপনাদের কাছে মনে হয় রানে নাই! আপনারা যেভাবে চিন্তা করেন রানে নাই, তা না!’
.png)
তিনি আরো বলেন, ‘হ্যাঁ, আক্ষেপ ছিল যখন লম্বা ইনিংস ব্যাটিং করতে পারিনি, যেটা আমার অভ্যাস। এক-দুই-তিন-চার সেশন ব্যাটিং করা, ঐটা নিয়ে আক্ষেপ ছিল। আলহামদুলিল্লাহ, সেটা করতে পারছি, দলের জন্য ভালো হয়েছে, আর কিছু না।’
আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালে একমাত্র টেস্টে বাংলাদেশ ২২৪ রানে হেরেছিল। সেটিও আবার নিজেদের মাঠ চট্টগ্রামে। এবার মিরপুরে জিতে সেটার প্রতিশোধ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে মুমিনুল বলেন, ‘এখনো দুই দিন বাকি আছে। আমরা লম্বা সময় ব্যাটিং করেছি। আর কোনো কিছু না। ওই রিভেঞ্জ-টিভেঞ্জ (প্রতিশোধ) নেয়ার কিছু নাই।’
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১৫ রানেই সাজঘরে ফিরেছিলেন মুমিনুল। তবে দ্বিতীয় ইনিংসে ১৪৫ বলে ১২ চার ও ১ ছয়ে খেলেন অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন তিনি।