ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর পেলো বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪২, ১৫ জুন ২০২৩
সুখবর পেলো বসুন্ধরা কিংস
ছবি- সংগৃহীত

গত মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর পেলো দেশের অন্যতম ফুটবল ক্লাবটি।

প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী বসুন্ধরা কিংস এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগে খেলার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল, কেবল ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তরে খেলতে প্রয়োজন ছিল ক্লাব লাইসেন্সিং।

এএফসিতে বসুন্ধরা কিংসের ক্লাব লাইসেন্সিং আবেদন মঞ্জুর করেছে। ফলে প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্লাব হিসেবে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে দলটি। 

Advertisement

এশিয়ান ফুটবল কনফেডারেশন এশিয়ার বিভিন্ন দেশের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবের নামের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে তিনটি আবেদন হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের জন্য। এর মধ্যে শুধু বসুন্ধরা কিংসের আবেদনই গৃহীত হয়েছে। 

বসুন্ধরা কিংসের আবেদন গৃহীত হয়েছে কোনো শর্ত ছাড়াই। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের ১২ ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের লাইসেন্সিংয়ের আবেদন করেছিল। ৪ টি ক্লাব নিঃশর্ত অনুমোদন পেলেও পাঁচটি ক্লাবের কিছু শর্ত পূরণ করতে বলা হয়েছে। এর মধ্যে কলকাতার অ্যাথলেটিকো মোহনবাগানও রয়েছে। বসুন্ধরা কিংসের ক্ষেত্রে কোনো শর্ত বা পর্যবেক্ষণ নেই। 

এশিয়ায় ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর এএফসি কাপ। সেই এএফসি কাপের ক্লাব লাইসেন্সিংয়ের তালিকাও একই সঙ্গে প্রকাশ করেছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশের চারটি ক্লাব এই স্বীকৃতির জন্য আবদেন করেছিল। এর মধ্যে শুধু বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর আবেদন গৃহীত হয়েছে। বাংলাদেশের দুই ক্লাবই শর্তহীন লাইসেন্স পেয়েছে।

বসুন্ধরা কিংস এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে। এর পেছনে অনেকটা অবদান তাদের প্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনীর। এএফসি কাপের জোনাল প্লে অফ খেলায় বাংলাদেশের ক্লাব র‌্যাঙ্কিংয়ের পয়েন্ট বৃদ্ধি পায়। পাশাপাশি বসুন্ধরা কিংসের গত দুই বার এএফসি কাপের অর্জিত পয়েন্টও এর সঙ্গে যোগ হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!