বুধবার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচটি সরাসরি টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। সোমবার এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের সবক’টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি (জিটিভি)। পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে সিরিজটি।
.png)
জানা গেছে, বাংলাদেশ থেকে র্যাবিটহোলের মাধ্যমে সিরিজটি উপভোগ করতে পারবে ক্রিকেটপ্রেমীরা। ভারতে অবস্থানকারী দর্শকরা দেখতে পারবে ফ্যানকোডের মাধ্যমে। আর আফগানিস্তানের দশর্করা সবক’টি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে আরটিএ স্পোর্টসে।
এর আগে রোববার (১১ জুন) আসন্ন সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট কেনা যাবে। এছাড়া সাউথ স্ট্যান্ড/নর্থ স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকায় কেনা যাবে।
ম্যাচের একদিন আগে তথা ১৩ জুন (মঙ্গলবার) থেকে টিকিট সংগ্রহ করা যাবে। ম্যাচের আগের দিন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে এই টিকিট পাওয়া যাবে। এছাড়া অনলাইনেও কেনা যাবে টেস্ট ম্যাচের টিকিট। আর সেজন্য লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে।