ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির পর মিয়ামির নজরে যে তিন ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৬, ৮ জুন ২০২৩
মেসির পর মিয়ামির নজরে যে তিন ফুটবলার
ছবি- সংগৃহীত

সৌদি ক্লাবের ‘লোভনীয়’ প্রস্তাব ও বার্সার অফুরন্ত ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমেরিকায় পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই আলোচনা রয়েছেন মেসির সাবেক সতীর্থরা। লিওর সাবেক ক্লাব বার্সার সতীর্থ সার্জিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজও নাকি মিয়ামিতে পাড়ি দিবেন।

বৃহস্পতিবার আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, মিয়ামির আংশিক মালিকানায় আছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। মেসিকে ঘিরেই মিয়ামির দল গঠন করতে চান তিনি। তাই বার্সার সাবেক তিন সতীর্থকে চুক্তিবদ্ধ করার জন্য আলোচনা চালাচ্ছে মেজর লিগ সকারের ক্লাবটি।

বার্সেলোনার সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হবে বুসকেটসের। স্প্যানিশ এই তারকা ফুটবলার কাতালানদের সঙ্গে চুক্তি নবায়নও করেননি। তাকে কিনতে চেষ্টা করছে সৌদি আরবের ক্লাব আল নাসর ও আল হিলাল। কিন্তু মেসি মিয়ামিতে যোগ দেওয়ায় ৩৪ বছর বয়সী বুসকেটসও এখন সেখানে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন। জর্দি আলবাও বুসকেটসের সঙ্গে বার্সা ছাড়ছেন। গত মৌসুমে দুজনই জাভির স্কোয়াডে খেলেছেন ব্যাকআপ খেলোয়াড় হিসেবে।

Advertisement

তবে মিয়ামিতে বুসকেটসের আসা প্রসঙ্গে তেমন কোনো মন্তব্য করতে চাননি মেসি। বুসকেটস প্রসঙ্গে বলতে গিয়ে মেসি জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না। এটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

মেসি আরো বলেছেন, ‘মিডিয়া বলছিল আমি বুসকেটসের সঙ্গে সৌদি আরব যাচ্ছি। আসলে প্রত্যেকে তার নিজের ভবিষ্যত দেখে। আমিও দেখছি। সেও দেখছে। কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, বুসকেটস তার সিদ্ধান্ত নিবে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এদিকে ৩৬ বছর বয়সী সুয়ারেজ ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলতে ক্যাম্প ন্যু ছেড়েছিলেন। বর্তমানে উরুগুয়ের এই তারকা খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। মেসির খুব ভালো বন্ধু সুয়ারেজ। ক্যারিয়ারের শেষ সময়টায় মেসির সঙ্গে খেলতে চাইতেই পারেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!