সম্প্রতি তিন বছরের চুক্তিতে ১৬৫ মিলিয়ন ডলারের বিনিময়ে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। মূলত এরপর থেকেই বেনজেমা জ্বরে রীতিমতো কাঁপছে সৌদি আরবের শহর জেদ্দা।
গতকাল সৌদি আরবে পা রাখেন বেনজেমা। শিগগিরই জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে তাকে ভক্তদের সামনে পরিচয় করিয়ে দেবে আল ইত্তিহাদ। সৌদি চ্যাম্পিয়নরা বুধবার থেকে টিকিট বিক্রি করা শুরু করে সৌদি চ্যাম্পিয়নরা। টিকিট ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার ভেতরই বিক্রি হয়ে যায় ৫৬ হাজার টিকিট।
.png)
‘দ্য শাইনিং জুয়েল’ হিসেবে পরিচিত আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের আসন সংখ্যা ৬২ হাজার। বেনজেমাকে পরিচয় করিয়ে দেওয়া অনুষ্ঠানের টিকিটের সর্বনিম্ন মূল্য ৯ রিয়াল। গতকাল বেনজেমাকে হলুদ-কালো রংয়ের জার্সি পরে স্বাগত জানান আল ইত্তিহাদের সমর্থকরা। ভক্তদের সঙ্গে পরিচিত হওয়ার আগে আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বেনজেমার।
সদ্য সমাপ্ত মৌসুমে লিগ জিতে রীতিমতো উড়ছে আল ইত্তিহাদ। ২০০৯ সালের পর এই প্রথম লিগ জয়ের স্বাদ পায় তারা। নতুন মৌসুমের জন্য প্রথম খেলোয়াড় হিসেবে বেনজেমাকে সাইন করে ক্লাবটি। এদিকে বেনজেমার পর চেলসি মিডফিল্ডার এনগোলো কন্তেকে দলে ভেড়াতে যাচ্ছে আল ইত্তিহাদ।
শুধু আল ইত্তিহাদই নয়, সৌদি আরবের বাকি ক্লাবগুলোও বড় বড় নামের পেছনে ছুটছে। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, আগামী মৌসুমে সৌদি প্রো লিগে দেখা যেতে পারে সার্জিও বুসকেটস, অ্যাঞ্জেল ডি মারিয়া, জর্দি আলবা ও সার্জিও রামোসকে।